ইতিহাস গড়ে সাবিনার মালদ্বীপ যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা খাতুন
সাবিনা খাতুন

আজ মালদ্বীপ যাচ্ছেন সাবিনা খাতুন। বাংলাদেশ জাতীয় মহিলা দলের এই স্ট্রাইকার খেলবেন মালদ্বীপ পুলিশ ক্লাবের হয়ে। বাংলাদেশের কোনো নারী ফুটবলারের এটিই প্রথম দেশের বাইরে চুক্তিবদ্ধ হয়ে খেলতে যাওয়া। সে দিক থেকে সাবিনা একটা ইতিহাসই গড়লেন।
‘ক্লাব মালদ্বীপ মহিলা ফুটসাল ফিয়েস্তা’ নামের এই টুর্নামেন্ট প্রতিবছরই হয় রাজধানী মালেতে। এবার টুর্নামেন্টে তিন গ্রুপে খেলবে মেয়েদের ১২টি দল। টুর্নামেন্টে গতবার রানার্সআপ হয়েছিল সাবিনার দল মালদ্বীপ পুলিশ ক্লাব।
১৪ মার্চ-১৭ এপ্রিলের টুর্নামেন্টে খেলতে সাতক্ষীরার মেয়ে সাবিনার সঙ্গে ৮০০ ডলারের চুক্তি করেছে ওই ক্লাব। স্থানীয় আবাসন, খাওয়া-দাওয়া, যাতায়াতের বিমানভাড়াসহ আনুষঙ্গিক সব সুবিধা দেবে পুলিশ ক্লাব। কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবিনাকে খুব খুশিই দেখাল, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। স্বপ্ন দেখতাম দেশের বাইরে খেলব। সেই স্বপ্ন সত্যি হলো।’
বাফুফের মহিলা কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ উচ্ছ্বসিত, ‘মহিলা ফুটবলে বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতায় সাবিনা এই সুযোগ পেল। আগামীতে আরও ফুটবলার বিদেশের মাটিতে খেলবে আশা করি।’