ইতিহাস গড়ে স্বাধীনতা কাপ চট্টগ্রাম আবাহনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আবহনীকে হারিয়েই শিরোপা জয়, স্বাধীনতা কাপের ট্রফি নিয়ে চট্টগ্রাম আবাহনীর উল্লাসে ছিল তাই বাড়তি আনন্দ। ছবি: শামসুল হক
ঢাকা আবহনীকে হারিয়েই শিরোপা জয়, স্বাধীনতা কাপের ট্রফি নিয়ে চট্টগ্রাম আবাহনীর উল্লাসে ছিল তাই বাড়তি আনন্দ। ছবি: শামসুল হক

এমন একটি গোল দেখার জন্য খুব বেশি দর্শক ছিল না মাঠে। স্বাধীনতা কাপের ফাইনাল, অন্যান্য দিনের তুলনায় দর্শক খুব খারাপ ছিল না, কিন্তু তারপরেও রুবেল মিয়ার ওই গোলটির কিন্তু মাঠভর্তি দর্শক আর তীব্র উল্লাসধ্বনিই প্রাপ্য ছিল। কী অসাধারণ এক গোলই না করলেন জাতীয় দলের এই তরুণ খেলোয়াড়। ম্যাচের ৬১ মিনিটে ডানপ্রান্ত থেকে চট্টগ্রাম আবাহনীর কৌশিক বড়ুয়া ঢাকা আবাহনীর রক্ষণ ভেঙে যে দুর্দান্ত ক্রসটি দিলেন, সেটিকে এক অনন্য সাইড ভলিতে গোলে পরিণত করলেন রুবেল। সাম্প্রতিক কালে ঢাকার মাঠে কোনো দেশি ফুটবলারের করা সেরা গোল এটিকে বলে দেওয়া যায় সহজেই। তাঁর গোলেই জয় নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর। এর আগে অবশ্য হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেলের প্রায় একক প্রচেষ্টায় করা গোলে জয়ের ক্ষেত্রটা প্রায় প্রস্তুতই করে রেখেছিল চট্টগ্রাম আবাহনী।
২-০ গোলের দারুণ এক জয়। ঐতিহ্যে অনেকটা এগিয়ে থাকা ঢাকা আবাহনীর বিপক্ষে এই জয়ে ইতিহাসই গড়ল চট্টগ্রাম আবাহনী। গত নভেম্বরে চট্টগ্রামের শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করে নিজেদের আগমনী বার্তাটা দিয়েছিল তারা। তবে কর্মকর্তারা নিশ্চয়ই অনেক বেশি খুশি স্বাধীনতা কাপ জয়ে। ঢাকার আবাহনীকে হারিয়ে এই শিরোপা জয় বলেই কি না, আনন্দের মাত্রাটা তাদের বহুগুণ বেশি। 

খেলাটা ঠিক ফাইনালের মতো হয়নি। প্রথম থেকেই দুই দলের সাবধানী ফুটবল ফাইনালটিকে কিছুটা নিষ্প্রাণই করে তুলেছিল। দুই দল আক্রমণে ঝাঁপিয়েছে ঠিকই, কিন্তু সেই তাতে খুব একটা ঝাঁঝ ছিল না। সেমিফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৬-০ গোলে জয়ী ঢাকা আবাহনী চট্টগ্রাম আবাহনীর চেয়ে ভালো দল হলেও সেটা আজ মাঠে প্রমাণ করতে পারেনি। মধ্য মাঠে ঢাকা আবাহনীর ইংলিশ তারকা লি টাক আজ সুনাম অনুযায়ী খেলতে পারেননি, নামের প্রতি সুবিচার করতে পারেননি সেনেগালিজ স্ট্রাইকার সারা কামারা। শেখ জামালের বিপক্ষে হ্যাটট্রিক হিরো নাইজেরিয়ার সানডে সিজোবাকে তো আজ খুঁজেই পাওয়া যায়নি।
চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জাহিদ হোসেনকেও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু হাইতির ফরোয়ার্ড লিওনেল যে অসাধারণ ফুটবল খেলেছেন, তাতে সেই অভাবটা দারুণভাবেই পূরণ হয়ে গেছে। রুবেল মিয়া কেবল ওই দুর্দান্ত গোলটিই করেননি, পুরো ম্যাচে তিনি চট্টগ্রাম আবাহনীর আক্রমণভাগের নিউক্লিয়াস হয়ে ছিলেন।
চট্টগ্রাম আবাহনীর ছিলেন একজন রুবেল মিয়া কিংবা একজন লিওনেল। কিন্তু ঢাকা আবাহনীর হয়ে এমন কেউ দাঁড়াতে না পারাতেই ম্যাচের ভাগ্য চট্টগ্রামের দিকেই।
অনেকদিন পর একটি সাফল্যের আশায় মাঠে এসেছিলেন ঢাকা আবাহনীর সমর্থকেরা। শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হলো তাদের। তবে একটি ব্যাপারে তাঁরা সান্ত্বনা খুঁজে নিতে পারেন। স্বাধীনতা কাপের ট্রফিটি তো পেল এক আবাহনীই। সেই আবাহনী ঢাকার না চট্টগ্রামের, তাতে কিছু এসে যায় না!