
কামিল গ্লিকের কথাটা নিয়ে দুদিন আগেও হয়তো হাসাহাসি হয়েছে। ৭১ বছরে ১৮ বারের সাক্ষাতেও যাদের হারানো যায়নি, তাদের সঙ্গে জয়ের আশা তো একরকম স্পর্ধাই! এখন অবশ্য গ্লিকই হাসতে পারেন নীরব অহংকারে। পোলিশ ডিফেন্ডারের কথা যে দারুণভাবে ফলে গেছে, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়েছে পোল্যান্ড।
ইতিহাসই দুই দলকে আসলে গেঁথেছে বৈরিতার সুতোয়। সেই ১৯৩৯ সালে পোল্যান্ড আক্রমণ করে ইতিহাসের সবচেয়ে বিভীষিকাময় একটা অধ্যায়ের সূচনা করেছিলেন জার্মান স্বৈরশাসক হিটলার। এরপর রাইন-ভিস্টুলা নদীতে অনেক জল গড়িয়েছে, কিন্তু প্রতিবেশী দুটি দেশের মধ্যে চাপান-উতোর থেকেই গেছে। এত দিন দাপুটে প্রতিবেশীদের সঙ্গে পোল্যান্ড শুধু জয়ের স্বপ্নই দেখে গেছে, সেই স্বপ্ন সত্যি আর হয়নি। ১৮টি ম্যাচের ১২টিতেই হার, ড্র বাকি ছয়টিতে। তাই পরশু পোল্যান্ডের জয়ে ওয়ারশর জাতীয় স্টেডিয়াম যে ৫৭ হাজার দর্শকের উচ্ছ্বাসে প্লাবিত হলো, ওয়ারশর রাস্তায় উৎসব হলো, তাতে আর বিচিত্র কী!
জোয়াকিম লো অবশ্য শুধু নিজেদেরই দুষতে পারেন। ১৯৯৮ সালের পর এই প্রথম প্রতিপক্ষের মাঠে বিশ্বকাপ বা ইউরো বাছাইপর্বের কোনো ম্যাচ হারল জার্মানি। অথচ মুলার, গোটশেরা সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে ফলটা অন্য রকমই হতো। পোল্যান্ডের গোলে ২২টি শট নিয়েছে জার্মানি। কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় একটিকেও পূর্ণতা দিতে পারেনি। এই সুযোগ অপচয়েরই হতাশা ঝরেছে লোর কণ্ঠে, ‘আমরা খুবই হতাশ। সুযোগগুলো একদমই হেলায় হারিয়েছি। দল নিয়ে সমালোচনা করার মতো আর তেমন কিছু নেই।’ কৃতিত্ব দিতে হবে পোলিশ গোলরক্ষক শেসনিকেও, অন্তত গোটাদুয়েক দুর্দান্ত সেভ করেছেন। ভাগ্যটাও আসলে জার্মানির পক্ষে ছিল না, নইলে পোডলস্কির দুর্দান্ত ভলিটা ক্রসবারে লেগে ফিরবে কেন? শেষ পর্যন্ত জার্মানিকে হারতে হয়েছে ২-০ গোলে।
৫১ মিনিটে আয়াক্স স্ট্রাইকার আরকাদিউস মিিলকের গোলে খেলার ধারার বিপরীতেই এগিয়ে গিয়েছিল পোল্যান্ড। এরপর জার্মানির আক্রমণের ধার বেড়ে যায় আরও । কিন্তু কাজের কাজটা করতে পারেননি কেউই। উল্টো ৮৮ মিনিটে বদলি মিডফিল্ডার সেবাস্টিয়ান মিলার গোল স্তম্ভিত করে দেয় জার্মানিকে।
পোল্যান্ড কোচ অ্যাডাম নাভাওকা অবশ্য মাটিতেই রাখছেন পা, ‘আশা করছি এটা হবে নতুন একটা পথের সূচনা। তবে খুব বেশি আনন্দ করার কিছু নেই। ছোট্ট একটা ধাপ এটা, এখন আমাদের মনোযোগ মঙ্গলবার (কাল) স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচে।’ তবে জয়ের জন্য পোল্যান্ড যে কতটা তৃষ্ণার্ত ছিল তা বুঝে নিতে পারেন ডিফেন্ডার উকাস পিশচেকের কথায়, ‘এই জয়টা আমাদের কাছে অনেক কিছু।’
এই জয়ে গ্রুপ ‘ডি’তে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে পোল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আয়ারল্যান্ড। তিন পয়েন্ট নিয়ে জার্মানি আছে চারে, সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে তিনে স্কটল্যান্ড। রয়টার্স, এএফপি।
ইউরো ২০১৬ বাছাই পর্ব
এক নজরে ফল
পোল্যান্ড ২ : ০ জার্মানি
আয়ারল্যান্ড ৭ : ০ জিব্রাল্টার
স্কটল্যান্ড ১ : ০ জর্জিয়া
ফিনল্যান্ড ১ : ১ গ্রিস
আর্মেনিয়া ১ : ১ সার্বিয়া
আলবেনিয়া ১ : ১ ডেনমার্ক
রোমানিয়া ১ : ১ হাঙ্গেরি
উ. আয়ারল্যান্ড ২ : ০ ফারো আইল্যান্ড
* প্রথমে স্বাগতিক দল