ইতিহাস গড়লেন ভার্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রের্কড গড়া গোলের পর জেমি ভার্ডি l এএফপি
রের্কড গড়া গোলের পর জেমি ভার্ডি l এএফপি

ইতিহাসের হাতছানি ছিল সামনে। সেই ইতিহাসে নাম তুলতে জেমি ভার্ডি কাল সময় নিলেন মাত্র ২৪ মিনিট! ক্রিস্টিয়ান ফাশের পাস থেকে ডান পায়ের শট, সেটা সোজা গেল ম্যানচেস্টার ইউনাইটেডের জালে। রেকর্ড বইয়ে রুদ ফন নিস্টলরয় পেছনে চলে গেলেন, সবার সামনে একা শুধুই ভার্ডি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১১ ম্যাচে গোলের কীর্তি এখন লেস্টার সিটির এই স্ট্রাইকারের।
টানা ১০ ম্যাচ গোল করেছিলেন নিস্টলরয়। ডাচ স্ট্রাইকারের পুরোনো ক্লাবের বিপক্ষে গোল করেই তাঁকে পেরিয়ে গেলেন ভার্ডি। এ প্রতিবেদন লেখার সময় ইউনাইটেড-লেস্টার ম্যাচের অবশ্য ৭০ মিনিট খেলা হয়েছে, ১-১ সমতা চলছিল তখন।
ওদিকে লা লিগা ও বুন্দেসলিগার দুই পরাশক্তি বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখের জয়রথ ছুটছে নিয়ম মেনেই। ন্যু ক্যাম্পে নেইমারের জোড়া গোলের সঙ্গে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের আরও একটি করে গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। আলিয়াঞ্জ অ্যারেনায় হার্থা বার্লিনের বিপক্ষে বায়ার্নের জয়টা ২-০ গোলে। গোল করেছেন টমাস মুলার ও কিংসলে কোম্যান। এই জয়ে মৌসুমের প্রথম ১৪ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট তুলে নিয়ে বুন্দেসলিগার নতুন রেকর্ডও গড়ল পেপ গার্দিওলার দল। সনি সিক্স, স্টার স্পোর্টস।