ইতিহাস গড়ার পথে ম্যানচেস্টার সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়া তোরের গোলেই নিশ্চিত হয় সিটির জয়। তাঁকে ঘিরে উল্লাস তো হবেই। ছবি: এএফপি।
ইয়া তোরের গোলেই নিশ্চিত হয় সিটির জয়। তাঁকে ঘিরে উল্লাস তো হবেই। ছবি: এএফপি।

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। কিন্তু চ্যাম্পিয়নস লিগ থেকে সমর্থকদের শুভ বার্তাই যেন দিয়েছে ম্যানুয়াল পেলেগ্রিনির দল। গতরাতে ইউক্রেনের দল ডায়নামো কিয়েভকে ৩-১ গোলে হারিয়ে এই প্রথমবারের মতো ইউরোপ-সেরার লড়াইয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেছে সিটি।
কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে সিটির জয়টা ম্যাচের প্রথমার্ধেই মোটামুটি নিশ্চিত হয়ে যায়। প্রথম গোলটি সার্জিও আগুয়েরোর, ২-০ করলেন ডেভিড সিলভা। কিয়েভ অবশ্য দ্বিতীয়ার্ধে ২-১ করেছিল। ভিতালি বুয়ালিস্কির ব্যবধান কমানো গোলের পর ম্যাচে ফেরার সম্ভাবনাও জেগে ওঠে স্বাগতিক দলের সামনে। কিন্তু তেমন কিছু হতে দেননি ইয়া তোরে, তাঁর দুর্দান্ত এক গোল সিটির জন্য রাতটা করে তোলে দারুণ আনন্দময়।
গত চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার কাছে দুই লেগেই হেরে শেষ ষোলোর দেয়াল টপকানো হয়নি সিটির। কিন্তু এই মৌসুমে সেরা আটে ওঠার সম্ভাবনা উজ্জ্বলই। তুলনামূলক সহজ প্রতিপক্ষ কিয়েভ বাধা হতে পারবে না বলেই মনে করছে সিটি। ইউক্রেনের দীর্ঘ ‘শীত-বিরতি’ শেষে ডিসেম্বরের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমেছিল কিয়েভ। কিন্তু ম্যাচটাকে দ্রুতই ভুলে যেতে চাইবে দলটি।
আগামী ১৫ মার্চ সিটির মাঠেই হবে ফিরতি ম্যাচ। সূত্র: এএফপি