ইতিহাস গড়ার সুযোগ

ইউরোর মহারণ সামনে রেখে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন কথা বলেছেন উয়েফার সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারি কেইন

ঘরের মাঠে ইউরো ফাইনাল

ওয়েম্বলিতে খেলা এই (ফাইনাল) উপলক্ষকে আরও বড় ও বিশেষ করে তুলেছে। আমাদের সমর্থকেরা গাইবে, আনন্দ করবে, সমর্থন দেবে, তাই প্রেরণার কোনো অভাব হবে না। তাই দ্বিতীয় শিরোপা জিততে ফাইনালটা ওয়েম্বলিতে খেলার চেয়ে ভালো আর কোনো জায়গা হতে পারে না। জাতি হিসেবে এ লগ্নটা আমাদের ইতিহাসে দারুণ এক মুহূর্ত। উত্তেজনাটা (ওয়েম্বলির) ছাদ ফুঁড়ে উপচে পড়বে। আমি নিশ্চিত যে অনেকে তা সইতেও পারবে না, ধরে রাখতে পারবে না নিজেদের। কিন্তু মূল কাজটা হলো স্টেডিয়ামে গিয়ে সব সুবিধাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে মন উজাড় করে খেলা।

ইংল্যান্ডের ইতিহাসে এই ফাইনালের গুরুত্ব

১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে, অবশ্যই সেটা অসাধারণ অর্জন। এখন আমাদের সামনে আরও ইতিহাস গড়ার সুযোগ। আমাদের বাবা–মা, পরিবারে যাঁরা কখনো ইংল্যান্ডকে ফাইনালে দেখেনি তাদের জন্য ইতিহাস গড়ার সুযোগ—আমি জানি তা দেশ ছাপিয়ে যাবে।

কিয়েল্লিনি ও বোনুচ্চির রক্ষণের মুখোমুখি হওয়া

সবার আগে বলতে হবে, তারা অসাধারণ ডিফেন্ডার। ম্যাচ খুব ভালো বোঝে, কখন কোথায় থাকতে হবে, তা জানে। এককথায় দুজনেই যোদ্ধা, তাই কঠিন এক যুদ্ধই হবে। কিন্তু এ জন্যই তো ফুটবল খেলা। সেন্টার ফরোয়ার্ডদের বিপক্ষে তো আমি এটাই করি। জয়ের জন্য তারা নিজেদের নিংড়ে দেবে। আমরাও তা–ই করব। সেরা দলটাই জিতবে। তবে আমি চ্যালেঞ্জের অপেক্ষায় আছি। স্ট্রাইকার হিসেবে সেরা হতে চাইলে সেরাদের বিপক্ষেই খেলতে হবে আর রোববার ঠিক সেটাই হবে।

অপরাজেয় ইতালি নিয়ে

ম্যাচটা কঠিন হবে। ইতালি অসাধারণ দল। বড় টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ একটা দল। সব সময় একতাবদ্ধ থাকে। লড়াইটা তাই কঠিন হলেও জয়ের জন্য যা যা দরকার, তার চেয়েও বেশি আছে আমাদের দলে। শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। প্রস্তুতিমতো মাঠে নেমে মাথায় রাখতে হবে জয় তুলে নেওয়ার সামর্থ্য আছে আমাদের। বড় ম্যাচে, বড় টুর্নামেন্টে এসব বিষয়ই শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।

ইউরোজয়ের অনুভূতি কেমন হবে

সবকিছু বলতে যা বোঝায় তা–ই। সেটি দল ও আমার জন্য। আগেও বলেছি, দেশের হয়ে কিছু জয় সব সময়ই ক্লাব পর্যায়ের সাফল্যকে ছাপিয়ে যায়। আমাদের সামনে এখন সে সুযোগ। অনেক দিন হয়ে গেল আমাদের দেশ ফাইনালে ওঠেনি। এ কারণে সুযোগটা দুহাত পেতে নিতে হবে।’