ইতিহাস গড়ে সামনে চোখ সিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়নামো কিয়েভের মাঠে ৩-১ গোলে জিতেই ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল অনেকটা নিশ্চিত করে রেখেছিল। তারপরও খুব নাটকীয় কিছু তো হতেই পারত! ম্যানুয়েল পেলেগ্রিনির দল সেটা হতে দিল না। পরশু সিটির ঘরের মাঠে দ্বিতীয় লেগটা হলো গোলশূন্য ড্র। তাতেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ম্যানচেস্টার সিটি।
নাটকীয় হয়েছে অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদ ও পিএসভি আইন্দহফেনের মধ্যে রাতের অন্য ম্যাচটি। আইন্দহফেনের মাঠে প্রথম লেগ ছিল গোলশূন্য ড্র। পরশু রাতে অ্যাটলেটিকোর মাঠে দ্বিতীয় লেগও নির্ধারিত সময় শেষে গোলশূন্য থেকে যায়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, তাতেও গোল না আসায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর সেই টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জিতে শেষ আটে উঠে যায় অ্যাটলেটিকো।
ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত সিটি কোচ পেলেগ্রিনি। তবে স্বপ্নযাত্রাটা আরও দীর্ঘই করতে চান তিনি, ‘নতুন কিছু অর্জন করলে সেটা আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। আমরা একটা কঠিন গ্রুপ থেকে এই পর্যায়ে এসেছি। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
টাইব্রেকারের চাপ সামলে অ্যাটলেটিকো শেষ আটে উঠেছে বলেই বোধ হয় ভিসেন্তে ক্যালদেরনে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসও ছিল বাঁধনহারা। অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনেও উচ্ছ্বসিত, ‘আমরা শেষ পর্যন্ত নিজেদের ওপর বিশ্বাস হারাইনি। সেটারই ফল পেয়েছি।’ এএফপি।