ইতিহাস গড়েও স্বস্তিতে নেই রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল সমর্থকদের উদ্দেশ্যে হতাশা প্রকাশ করলেন রোনালদো। ছবি: রিয়াল মাদ্রিদ
রিয়াল সমর্থকদের উদ্দেশ্যে হতাশা প্রকাশ করলেন রোনালদো। ছবি: রিয়াল মাদ্রিদ

ক্লাব ফুটবলে সমর্থকদের মন জেতা খুবই কঠিন। একটি-দুটি ম্যাচে খারাপ করলেই তারকাদের কপালে জোটে কড়া সমালোচনা। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা যেন পড়েছে সেই দুর্বিপাকে। ইদানীং বার্নাব্যুতে প্রতিপক্ষ দলের চেয়ে রিয়ালের খেলোয়াড়দেরই দুয়ো শুনতে হচ্ছে বেশি। কাল রায়ো ভায়োকানোর বিপক্ষেও দেখা মিলল একই দৃশ্যের। মাঠে নামার আগেই দুয়োতে দুয়োতে কেঁপে উঠল বার্নাব্যু। খেলোয়াড়েরাও অবশ্য ৫৫ বছর পর লা লিগায় দশ গোল করার রেকর্ড গড়ে জবাবটা দিয়েছেন ভালোভাবেই।

যদিও লিগ শিরোপা দৌড়ে বেশ পিছিয়ে রিয়াল। ১৫ ম্যাচ শেষে দুই প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৫ পয়েন্ট পিছিয়ে ছিল রোনালদোরা। ফলে কালকের ম্যাচে মাঠে নামার আগে বেশ চাপেই ছিল রিয়াল। ম্যাচের আগেই গ্যালারি থেকে কোচ রাফা বেনিতেজ, গ্যারেথ বেল ও দানিলোর উদ্দেশে ভেসে এল দুয়ো। ম্যাচের শুরুতেই অবশ্য সেটার দারুণ জবাব দিয়েছেন দানিলো ও বেল।
তৃতীয় মিনিটে বেলের পাসে দানিলো গোল করে এগিয়ে দিয়েছিলেন রিয়ালকে। কিন্তু দশ মিনিটের মধ্যেই খানিকটা ঘুরে গেল ম্যাচের গতিপথ। ১০ ও ১২ মিনিটে দুই গোল করে এগিয়ে গেল ভায়োকানো। এরপরই পুরো বার্নাব্যু ফেটে পড়ল ক্ষোভে। দর্শকের শোরগোলে তখন কান পাতাই দায়। ১৪ মিনিটে টনি ক্রুস চোটাক্রান্ত হয়ে মাটিতে গড়ানোর সময়ও দুয়ো থামেনি। তখনই ক্যামেরা খুঁজে নিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। সিআর-৭ কে দেখা গেল আঙুল উঁচিয়ে মাথা নাড়তে। এখানেই থামেননি। একটু পর পেনাল্টি থেকে গোল করে দর্শকদের ইশারা করেছেন একটু ‘ঠান্ডা’ হতে।
রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পাওয়া সেই পেনাল্টির পর গুনে গুনে আরও ৭ গোল দিয়েছে রিয়াল। ম্যাচ শেষে তাই হাসিমুখেই মাঠ ছেড়েছেন রোনালদো-বেলরা। তবে সার্জিও রামোস ভুলতে পারেননি ঘরের দর্শকদের বিরূপ আচরণ। ম্যাচ শেষে রিয়াল অধিনায়কের কণ্ঠে তাই পাওয়া গেল খানিকটা ঝাঁজ, ‘দলের যখন সমর্থন দরকার ছিল, তখন উল্টো দুয়ো শুনিয়েছে তারা। এ রকম সময়েই সমর্থন দেওয়া উচিত, খেলায় ফিরে আসতে আমাদের উৎসাহর প্রয়োজন ছিল তখন। ভক্তরা যদি স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে, খেলোয়াড়দেরও সে অধিকার আছে। রোনালদো এসব ব্যাপারে সব সময় সৎ থাকে, তার যা সঠিক মনে হয়েছে তাই করেছে।’
রামোস যতই বলুন, খেলার পরও রিয়ালের বিরুদ্ধে সমালোচনা থামেনি। অনেকে তো রিয়ালের জয়ের পেছনে ভায়োকানোর দুই লাল কার্ডের অবদান দেখছেন। ৯ জনের দলে পরিণত হওয়া ভায়োকানোর বিপক্ষে রিয়ালের বড় জয়কেও খুব একটা আমলে নিচ্ছেন না অনেকে। এখানেই আপত্তি রামোসের। নিজেদের বীরত্বকে বড় করে দেখতে চান রিয়াল ডিফেন্ডার, ‘বার্নাব্যুতে যখন রায়োর বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে থাকবেন তখন আপনার সমালোচনা হবেই। অনেকেই বলছে ওদের ১১ জন থাকলে ম্যাচটি জিতে যেত। কিন্তু নিশ্চিত বলতে পারি, তখনো ম্যাচটি আমরাই জিততাম।’
ম্যাচের শুরুতে শোনা দুয়োকে শক্তি বানিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৪ গোল করেছেন বেল। রিয়ালের প্রথম গোলটা করেছেন দুয়োর আরেক শিকার দানিলো। তবে দল ১০ গোল দেওয়ার পরও কোচ বেনিতেজের মুক্তি মিলছে না। এখনো সমালোচনা শুনতে হচ্ছে তাঁকে। কোচ প্রসঙ্গে অবশ্য রামোসের উত্তরটা বেশ কূটনৈতিক, ‘যদি সভাপতি (ফ্লোরেন্তিনো পেরেজ) বলেন বেনিতেজই সমস্যার সমাধান, তাহলে তিনি তা-ই!’
রিয়াল সমর্থকদের গণশত্রুতে পরিণত হওয়া পেরেজ সম্পর্কে রামোসের মতামতটা চমৎকার, ‘আমরা তো কেবল দাবার ঘুঁটি, তিনি হলেন রাজা।’
আদপে পেশাদার ফুটবলের ধ্রুব সত্যটাই জানিয়ে দিলেন রিয়াল অধিনায়ক।