ইতিহাস ডাকছে ওয়েলসকে
একটি ম্যাচ। ৯০ মিনিট। তিনটি পয়েন্ট। ৫৭ বছরের আক্ষেপ ঘোচাতে এই পথটুকুই পাড়ি দেওয়া বাকি গ্যারেথ বেলদের। ইতিহাসের হাতছানি দেখেই আজ কার্ডিফে ইসরায়েলের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে খেলতে নামবে ওয়েলস। আজ জিতলে দলটি নাম লেখাবে ২০১৬ ইউরোতে—আন্তর্জাতিক মঞ্চে তাদের দ্বিতীয় পদার্পণ। এর আগে ফুটবলের বড় মঞ্চে একবারই খেলেছে ওয়েলস—১৯৫৮ বিশ্বকাপে।
গত বৃহস্পতিবার সাইপ্রাসকে ১-০ গোলে হারিয়েই এই সমীকরণের সামনে দাঁড়িয়েছে ওয়েলস। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইউরো বাছাইয়ের গ্রুপ ‘বি’তে শীর্ষে রয়েছে দলটি। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম। ঘাড়ে নিশ্বাস ফেলছে ইসরায়েলও, ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় তারা।
চার বছর আগেও র্যা ঙ্কিংয়ে ছিল ১১৭ নম্বরে, নিজেদের ইতিহাসের সর্বনিম্ন। সেই ওয়েলসই আজ খেলতে নামবে র্যা ঙ্কিংয়ে চারে ওঠার সম্ভাবনা নিয়ে। বাকি ম্যাচগুলোর ফলাফল নিজেদের পক্ষে এলে এমনকি উঠে যেতে পারে দুইয়েও।
ওয়েলস-রূপকথার শুরু প্রয়াত কোচ গ্যারি স্পিডের হাত ধরে। ২০১১ সালে তাঁর রহস্যজনক আত্মহত্যার পর ‘দ্য ড্রাগনসে’র ব্যাটনটি আসে বর্তমান কোচ ক্রিস কোলম্যানের হাতে। দায়িত্ব নিয়ে দলকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন সাবেক ওয়েলশ ডিফেন্ডার। ৩-৫-১-১ ছকটাই সম্ভবত তাঁর সাফল্যের পথরেখা, যেখানে একজন স্ট্রাইকারের পেছনে স্বাধীনভাবে খেলতে পারছেন দলের সবচেয়ে বড় তারকা গ্যারেথ বেল। এর সুফলও পাচ্ছে ওয়েলস, ইউরো বাছাইয়ে এ পর্যন্ত ৬ গোল করেছেন এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। সঙ্গে দুটি ‘অ্যাসিস্ট’ মিলিয়ে দলের ৯ গোলের ৮টিতেই সরাসরি অবদান রেখেছেন বেল।
ইতিহাস লেখার নিশ্বাস-দূরত্বে দাঁড়িয়ে কোলম্যান অবশ্য সতর্ক, ‘আমাদের অবশ্যই প্রত্যাশা পূরণ করতে হবে। এত দিন পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি, আশা করছি আবারও করতে পারব।’ এ ম্যাচের আগে ইতিহাস থেকেও কিছুটা প্রেরণা খুঁজে নিতে পারেন বেলরা। ১৯৫৮ বিশ্বকাপেও ওয়েলস উঠেছিল প্লে-অফে ইসরায়েলকে হারিয়েই।
এর আগে কয়েকবারই খুব কাছে গিয়ে ওয়েলসকে সইতে হয়েছে স্বপ্নভঙ্গের বেদনা। ১৯৭৮ বিশ্বকাপের কথাই ধরুন। জিতলেই বিশ্বকাপে, বাছাইপর্বের এমন ম্যাচে ওয়েলসের পেনাল্টি বক্সে স্কটল্যান্ড স্ট্রাইকার জো জর্ডানের হাতে বল লাগার পরও রেফারি পেনাল্টি দেন ওয়েলসের বিপক্ষে। ১৯৯৪ বিশ্বকাপের বাছাইপর্বে রোমানিয়ার বিপক্ষে ম্যাচে পল বোডিনের পেনাল্টি মিস, কিংবা ২০০৪ ইউরোতে রাশিয়ার বিপক্ষে প্লে-অফে গিগসের গোল করতে অসহনীয় ব্যর্থতা ওয়েলশদের হৃদয়ে ঝরিয়েছে রক্ত। আজ বেলরা মুছে দিতে পারবেন গ্যারি স্পিড-মার্ক হিউজ-ইয়ান রাশ-রায়ান গিগসদের আক্ষেপ? এএফপি।