ইতিহাস থেকে এক ম্যাচ দূরে জিদান
তখন ফ্লোরেন্তিনো পেরেজের জন্য সিদ্ধান্তটা বেশ ঝুঁকির ছিল। একে তো কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদে বেশ জনপ্রিয় কোচ ছিলেন। এক মৌসুমের ব্যর্থতায় সেই আনচেলত্তিকে সরিয়ে রাফায়েল বেনিতেজকে নিয়োগ দেওয়া। তারপর বেনিতেজও যখন ব্যর্থ হলেন, মৌসুমের মাঝামাঝি দায়িত্ব তুলে দেওয়া হলো জিনেদিন জিদানের হাতে। যাঁর কোচিং অভিজ্ঞতা বলতে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দল কাস্তিয়ায় দেড় বছর আর এক বছর আনচেলত্তির সহকারী!
ঝুঁকি নিয়েছিলেন জিদানও। খেলোয়াড়ি জীবনে তাঁর এত এত অর্জন! জুভেন্টাসের হয়ে সিরি ‘আ’, রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ। কোচ হিসেবে যদি ব্যর্থ হন, সেসব অর্জনকে না আবার ছাপিয়ে যায় সেই ব্যর্থতা!
এ বছর জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন জিদান, এখন ডিসেম্বরে এসে মনে হচ্ছে পেরেজ বা জিদান কারও জন্যই এটা কোনো ঝুঁকির ব্যাপার ছিল না! মনে হওয়ার কারণ এই প্রায় এক বছরে জিদানের দলের পারফরম্যান্স। ১ পয়েন্টের জন্য লা লিগা হাতছাড়া হয়েছিল গত মৌসুমে। সমর্থকদের সেই আক্ষেপ পরে জিদানের দল পুষিয়ে দিয়েছে চ্যাম্পিয়নস লিগ আর উয়েফা সুপার কাপ জিতে। সবচেয়ে বড় কথা, গত এপ্রিলে চ্যাম্পিয়নস লিগে ভলফ্সবুর্গের কাছে ২-০ গোলে হারের পর টানা ৩৩ ম্যাচ কোনো টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি কেউ। আর মাত্র একটা ম্যাচ অপরাজিত থাকলেই ১৯৮৮-৮৯ মৌসুমে লিও বেনহ্যাকারের রিয়ালের গড়া টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার ক্লাব রেকর্ড ছোঁবে জিদানের দল।
আগামীকাল চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটিতেই সেটি হয়ে যেতে পারে। তারপর আগামী রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে অপরাজিত থাকতে পারলে তো নতুন ইতিহাসই গড়বে।
বেনহ্যাকারের সেই ঐতিহাসিক দলের সঙ্গে তুলনায় কোনো দিক থেকেই পিছিয়ে নেই এই রিয়াল। ‘ডন লিও’র দল অপরাজিত ছিল মোট ১৮৯ দিন। আর জিদানের দল অপরাজিত ২৩৯ দিন ধরে। ১৯৮৮-৮৯ মৌসুমের ওই দলটা অপরাজিত ৩৪ ম্যাচের মধ্যে জিতেছিল ২৫টি, ড্র করেছিল ৯টি। কাকতালীয়ভাবে এখন পর্যন্ত অপরাজিত ৩৩ ম্যাচের মধ্যে রিয়ালেরও জয় ২৫টি! ড্র বাকি ৮টি ম্যাচ। বেনহ্যাকারের দলটা ওই কীর্তি গড়ার পথে জিতেছিল লা লিগা আর কোপা ডেল রে। জিদানের দল জিতেছে চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ। এই ছন্দটা ধরে রাখতে পারলে ক্লাব বিশ্বকাপ জেতাও খুব কঠিন হবে না।
এ বছরের সবচেয়ে সফল কোচ হিসেবে তখন জিদানের প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়াই কঠিন হবে! মার্কা।