ইতিহাস ফেরাল ফিওরেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ লিগ শীর্ষে ওঠার স্মৃতিতে ১৬ বছরের ধুলো জমে গেছে। ঝোড়ো বাতাসেই পরশু সেই ধুলো উড়িয়ে দিল ফিওরেন্টিনা। সান সিরোতে ইন্টার মিলানকে ৪-১ গোলে হারিয়ে ১৯৯৯-এর ফেব্রুয়ারির পর আবার ইতালিয়ান সিরি ‘আ’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠল ফ্লোরেন্সের ক্লাবটি।
সমীহ-জাগানিয়া রেকর্ড নিয়েই নিজের মাঠে খেলতে নেমেছিল ইন্টার—শতভাগ জয়, পাঁচ ম্যাচে নিজেদের জালে একটি মাত্র গোল। কিন্তু আধঘণ্টা না যেতেই সংখ্যাটা ৪ হয়ে গেল। ইওসেপ ইলিসিচের পেনাল্টির পর নিকোলা কালিনিচের দুই গোলে ২৩ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় ফিওরেন্টিনা। ৭৬ মিনিটে কালিনিচের হ্যাটট্রিক পূর্ণ করা গোলের আগে ইন্টারের পক্ষে একটি গোল শোধ করেন মাউরো ইকার্দি। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইন্টারকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল ‘লা ভায়োলা’।
ক্লাবের ইতিহাসে শিরোপা জয় মাত্র দুবার। ১৯৯৯ সালেও লিগ শেষ করেছে তিন নম্বরে থেকে। তালিকার শীর্ষে উঠলেও তাই এখনই নিজেদের শিরোপার দাবিদার মানছেন না ফিওরেন্টিনা কোচ পাওলো সোসা, ‘আমাদের বাস্তববাদী হওয়া উচিত। অনেক দল আছে যাদের মান এবং খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ আরও বেশি। আমাদের যে দল আছে সেটি নিয়েই লড়াই চালিয়ে যেতে হবে।’
একই দিনে হেরেছে এসি মিলানও, জেনোয়ার মাঠে হেরেছে ১-০ গোলে। এএফপি, ইএসপিএন।