ইতিহাস বদলানোর মিশনও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে কোচ ফাবিও লোপেজের সঙ্গে অধিনায়ক মামুনুল ইসলাম l ছবি: বাফুফে
সংবাদ সম্মেলনে কোচ ফাবিও লোপেজের সঙ্গে অধিনায়ক মামুনুল ইসলাম l ছবি: বাফুফে

তাজিকিস্তানের সঙ্গে সাত ম্যাচ খেলে এক জয়ের পাশে দুটি ড্র। চার পরাজয়ের দুটিই প্রতিপক্ষের মাঠে। এই বিশ্বকাপ বাছাইয়েই ২০০৩ সালে ২-০, ২০০৭ সালে ৫-০। এবার তাজিকদের ডেরায় গিয়ে ইতিহাসটা বদলানো যাবে?
কাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম নিজেই বললেন, ‘এটি আমাদের ইতিহাস বদলানোর মিশনও।’ ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচটা খেলতে আজ বেলা ১১টায় তাজিকিস্তান রওনা হচ্ছে বাংলাদেশ দল। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবার একটু আগেই যাওয়া।
বিশ্বকাপ বাছাইয়ে আগের পাঁচ ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি ১ পয়েন্ট। একমাত্র ম্যাচ জয়ের বাস্তব সম্ভাবনা ছিল এই তাজিকদের সঙ্গেই, ঘরের মাঠে। কিন্তু ১৬ জুন এগিয়ে গিয়েও শেষ সময়ে গোল খাওয়ার রোগে ডি ক্রুইফের বাংলাদেশের জয় হাতছাড়া (১-১)। তাজিকদের সঙ্গে ১২ নভেম্বরের ফিরতি ম্যাচে জয় পাওয়াটা সহজ নয়। ড্র করতে পারাটাই হবে ঢের ভালো ফল!
বাংলাদেশ ও কিরগিজস্তানের সঙ্গে ড্র করে দুটি পয়েন্ট তুলেছে তাজিকিস্তান। এবার বাংলাদেশ-তাজিক ফিরতি ম্যাচটাই পাঁচ দলের গ্রুপে চার নম্বর জায়গাটা প্রায় চূড়ান্ত করে দেবে। তাজিকরাই এগিয়ে, সেখানকার তীব্র ঠান্ডাও বাংলাদেশের বড় প্রতিপক্ষ। রাজধানী দুশানবের তাপমাত্রা কাল নেমে এসেছিল ৬ ডিগ্রিতে। ম্যাচের দিন সর্বনিম্ন হতে পারে ৭।
তবে গত মাসে কিরগিজস্তানের কনকনে শীত জয় করেছিল বাংলাদেশ। ৮৮ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত কিরগিজদের কাছে হেরেছে ২-০ গোলে। বাংলাদেশ ম্যাচটা ভালো খেলেছে বলে একটু আত্মতুষ্টি আছে কোচ ও খেলোয়াড়দের। সেটিও এই সফরে সঙ্গী।
তাজিকদের সঙ্গে ঘরের মাঠে আক্রমণাত্মক খেলেছিলেন মামুনুলরা। ফিরতি ম্যাচে রক্ষণ সামলানোই মূল মন্ত্র। কোচ ফাবিও লোপেজ তাতেই জয়ের ছবি আঁকছেন, ‘হ্যাঁ, প্রতিপক্ষকে সম্মান করি। তবে কৌশল যা-ই হোক না কেন, আমি জয়ের জন্যই যাচ্ছি।’
তাজিকিস্তানের র্যা ঙ্কিং ১৬০, বাংলাদেশের ১৮০। এই ব্যবধান মনোবল দিয়েই ঘোচাতে চান লোপেজ। পাশে বসা মানুনুলকে দেখিয়ে মজাও করলেন, ‘ও হলো আমার সেরা সৈনিক। ওরা যুদ্ধ করলে সবই সম্ভব।’ হাসতে হাসতে অধিনায়কের পিঠ চাপড়ে দিয়ে একটু খুনসুটিও করলেন।
এই ম্যাচে জিতলে এশিয়া কাপের বাছাইপর্বে ঢোকার সম্ভাবনাটা ধরে রাখা যাবে। অধিনায়ক গম্ভীর কণ্ঠে বললেন, ‘তাজিকিস্তানের সঙ্গে জয়টা আমাদের খুব দরকার। এশিয়া কাপের বাছাইয়ের টিকিট পেতে এই জয় আমাদের কিছুটা এগিয়ে দিতে পারে।’
দুশানবেতে টার্ফে খেলা। বাংলাদেশের ফুটবলাররা টার্ফে ভালোই খেলেন। ভুটানের কিংস কাপ, কলকাতার যুব ভারতীতে আইএফএ শিেল্ড শেখ জামাল মাতিয়েছে কৃত্রিম ঘাসের মাঠেই। মামুনুল বলছিলেন, ‘তাজিকিস্তানের টার্ফে আমরা ভালো করব আশা করি।’
কিন্তু দলটা কেমন হলো? দুই অভিজ্ঞ এমিলি-জাহিদকে নেওয়া হয়নি। কার্ড সমস্যা আর চোটে তপু, মিশু বাইরে। তবে ডিফেন্ডার নাসির উদ্দিন, সোহেল রানারা চোট কাটিয়ে ফিরেছেন।
যাওয়ার আগে দলটাকে আরেকটু ‘দেখার’ ইচ্ছে হলো কোচের, তাই পেশাদার লিগের দ্বিতীয় স্তরের দল আরামবাগের সঙ্গে কাল প্রস্তুতি ম্যাচ খেলালেন জাতীয় দলকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই ম্যাচে জাতীয় দল জিততে পারেনি (গোলশূন্য ড্র)। লোপেজের ব্যাখ্যা, ‘গত কয়েক দিন খেলোয়াড়েরা অনেক পরিশ্রম করেছে। ওরা একটু ক্লান্ত।’ আরামবাগ কোচ কামাল বাবুরও একই কথা, ‘দলটা খারাপ নয়। তবে ওদের পরিশ্রান্ত মনে হলো।’
মামুনুল ‘ও কিছু নয়, সব ঠিক হয়ে যাবে’ বলে আত্মবিশ্বাসটা ধরে রাখতে চাইলেন। তাজিকিস্তানে ইতিহাস বদলের প্রতিজ্ঞা যে করেছেন অধিনায়ক! তবে বিস্ময়কর হলো, গুরুত্বপূর্ণ এই সফরে নেই কোনো গোলরক্ষক কোচ। অথচ আছে বাফুফের পর্যবেক্ষক!