
‘চ্যাম্পিয়ন’ লেখা বোর্ডের সামনে তখন সোনালি ট্রফি হাতে উৎসবের অপেক্ষায় ভারত। পাশে দাঁড়িয়ে সেই ‘রাস উৎসব’ চেয়ে চেয়ে দেখছিলেন সাবিনা-কৃষ্ণারা। হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়েও শেষ পর্যন্ত শিরোপা জেতা হলো না বাংলাদেশের মেয়েদের। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শেষ পর্যন্ত আক্ষেপের একটা গল্পই লিখেছে বাংলাদেশ। প্রথমবারের মতো মেয়েদের সাফের ফাইনালে উঠেও পুড়তে হয়েছে স্বপ্নভঙ্গের বেদনায়। কাল ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো সাফ শিরোপা জিতল ভারত।
ম্যাচ শেষে সঞ্চালক বাংলাদেশের ফুটবলারদের নাম ধরে ধরে ডাকছিলেন মাইক্রোফোনে। মাঠের মাঝে বানানো মঞ্চে এসে রুপার পদকগুলো মাথায় পরিয়ে দিচ্ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত ব্যানার্জি। কিন্তু সেটা আর গলায় ঝুলিয়ে রাখতে চাইলেন না সাবিনা-কৃষ্ণারা। সঙ্গে সঙ্গেই গলা থেকে পদক খুলে মাথা নিচু করে দাঁড়ালেন দড়িবাঁধা নিরাপত্তাবলয়ের পাশে।
এমনিতেই বয়স, অভিজ্ঞতা—সব দিক দিয়ে এগিয়ে ভারতের মেয়েরা। তারপরও কমলা দেবী, বালা দেবীদের সঙ্গে মাঠের খেলায় সমানতালেই লড়ে গেছেন বাংলাদেশের সাবিনা-স্বপ্নারা।
স্টেডিয়ামে ফাইনাল উপভোগ করতে এসেছিলেন স্থানীয় হাজার পাঁচেক দর্শক। তাঁদের হাতে ছিল বাঁশি, গলায় উৎসাহ জোগানো চিৎকার। অথচ বাংলাদেশকে সমর্থন জোগাতে ফুটবল ফেডারেশনের কোনো কর্মকর্তাকেই দেখা গেল না মাঠে!
ম্যাচের ১২ মিনিটে রক্ষণের ভুলে প্রথমে গোল খেয়ে বসে বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে আসা ভারতের আক্রমণ সামলাতে পারেননি বাংলাদেশের রক্ষণভাগ। গোলরক্ষক সাবিনা জায়গা ছেড়ে বল ধরতে এগিয়ে আসেন। ওই বলটিই কেড়ে নিয়ে দাংমেই গ্রেস গোলে শট নেন। এগিয়ে যায় ভারত (১-০)।
তবে গোল খেয়ে যেন হুঁশ ফেরে বাংলাদেশের। ৩৮ মিনিটেই ম্যাচে ফেরে বাংলাদেশ সিরাত জাহান স্বপ্নার গোলে। ডান প্রান্ত দিয়ে প্রতি আক্রমণে যায় বাংলাদেশ, সাবিনার পাস থেকে কোনাকুনি গড়ানো শটে ১-১ স্কোর করেন স্বপ্না।
ম্যাচের বিরতির পরও ভালোই খেলছিল বাংলাদেশ। কিন্তু সর্বনাশটা করে বসেন নার্গিস। বক্সের মধ্যে ঢুকে পড়া বালা দেবীকে ফেলে দেন তিনি। পেনাল্টির বাঁশি বাজান ভুটানের রেফারি পেমা। যদিও এই পেনাল্টিকে বিতর্কিত বলছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। ৬২ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ২-১ করেন সুস্মিতা মালিক। এই গোলেই যেন ম্যাচটিও হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। এরপর তো ৬৭ মিনিটে হাস্যকরভাবে গোল খেয়েছে বাংলাদেশ। মাঝমাঠ থেকে ইন্দুমতীর শটটি জায়গায় দাঁড়িয়ে চাইলে অনায়াসেই ধরতে পারতেন সাবিনা। কিন্তু অহেতুক জায়গা ছেড়ে বেরিয়ে আসায় বলটি মাথার ওপর দিয়ে আস্তে আস্তে ঢুকে যায় জালে। জয় নিশ্চিত করা গোলটি পেয়ে আরও তেড়েফুঁড়ে খেলেছে ভারত। যদিও পরে আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকেরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের ডিফেন্ডার মনীষা পান্না।
বাংলাদেশ দল: সাবিনা আক্তার, শিউলি, শামসুন্নাহার, নার্গিস, মাসুরা, মাইনু, মৌসুমী (আনুচিং), স্বপ্না, সাবিনা খাতুন, কৃষ্ণা (মার্জিয়া), মারিয়া।