ইতিহাসটা জানেন পেলেগ্রিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮-০৯ মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের নামগুলো দেখুন—ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং সর্বশেষ ম্যানচেস্টার সিটি। মজার ব্যাপার, গত সাত মৌসুমে কোনো ক্লাবই টানা দুবার জেতেনি। সেই হিসাবে এখনই বলে দেওয়া যায়, সিটি এবার যা-ই হোক, চ্যাম্পিয়ন হচ্ছে না!

ম্যানুয়েল পেলেগ্রিনি ব্যাপারটা জানেন। তিন মৌসুম আগে ৪৩ বছর পর শিরোপা জিতেছিল সিটি। কিন্তু পরেরবারই সেটা ছিনিয়ে নেয় নগরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেড। অবশ্য গত মৌসুমে আবার সেটা ফিরে পেয়েছে সিটি। এবার কি শিরোপা ধরে রাখতে পারবে? শুরুটা তো ভালোই হলো। পরশু নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে জয় দিয়েই মৌসুম শুরু করেছে সিটি। তার পরও পেলেগ্রিনি সিঁদুরে মেঘ দেখছেন, ‘এই দলটা দুই মৌসুম আগে শিরোপা জিতেছিল। কিন্তু পরের মৌসুমটা ছিল হতাশার। গত মৌসুমেও শিরোপা জেতার পর ইউনাইটেড একটা বিপর্যয়ের মধ্যে দিয়েই গেছে (সপ্তম হয়েছে)।’

তাহলে কি শিরোপা জেতার পর একটা আত্মতৃপ্তি এসে যায় দলগুলোর মধ্যে? কারণ যা-ই হোক, সিটির চিলিয়ান কোচ মনে করিয়ে দিলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, শুরু থেকেই আমাদের প্রত্যয়ী হতে হবে। গত মৌসুমে আমরা জিতেছিলাম। এবারও আমাদের এটা জিততে হবে।’ আগের চেয়ে লিগ এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পেলেগ্রিনির সতর্কবার্তা, ‘শিরোপা জেতার মতো অন্তত পাঁচ থেকে ছয়টি দল আছে। যে ক্ষুধা নিয়ে আমরা মৌসুম শুরু করেছি সেটা আমাদের ধরে রাখতে হবে। আমি নিশ্চিত এই দলটা লড়বে, দেখা যাক মৌসুম শেষে আমাদের হাতে কী ওঠে।’

পরশুর ম্যাচটা অবশ্য পেলেগ্রিনিকে স্বস্তিই দেবে। ডেভিড সিলভা, সার্জিও আগুয়েরো গোল পেয়েছেন, নবাগত ফার্নান্দো ভালো খেলেছেন। গোলডটকম।  

সামনের সপ্তাহেই অবশ্য বড় পরীক্ষা দিতে হবে সিটিকে। সামনে পড়বে ব্রেন্ডন রজার্সের লিভারপুল।