ইতিহাসের আরেক চূড়ায় মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসে গেল রেকর্ড গড়া সেই গোল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হলেন লিওনেল মেসি। উদ্‌যাপনও হলো তাই তাঁকে ঘিরেই। কাল হিউস্টনে l রয়টার্স
এসে গেল রেকর্ড গড়া সেই গোল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হলেন লিওনেল মেসি। উদ্‌যাপনও হলো তাই তাঁকে ঘিরেই। কাল হিউস্টনে l রয়টার্স

৩২ মিনিটে এল সেই মুহূর্ত। বল নিয়ে ঝড়ের বেগে যুক্তরাষ্ট্রের রক্ষণে ঢুকছিলেন লিওনেল মেসি। তাঁকে থামাতে বিকল্প পথই বেছে নিতে হলো যুক্তরাষ্ট্রকে। ফাউল করে মেসিকে থামাল যুক্তরাষ্ট্রের রক্ষণ। আগের দিনই জেরার্ডো মার্টিনো বলেছিলেন, মেসিকে থামাতে ন্যায়-অন্যায় বহু উপায় নেয় দলগুলো, কিন্তু থামাতে পারে না। কালও পারল না।
‘এটাই হয়তো সেই মুহূর্ত, ইতিহাস গড়ার...।’ ভাষ্যকারের কথা শেষ হয়েছে কি হয়নি, তাঁর ভবিষ্যদ্বাণীকে সত্যি করে দিলেন মেসি। ৩০ গজের দূরপাল্লার অবিশ্বাস্য এক ফ্রি-কিক। যেন কাঁটা কম্পাসে মাপা পথে গোলরক্ষককে অসহায় দর্শক বানিয়ে বল ঢুকল জালে। এই গোলই ইতিহাসের আরেক চূড়ায় নিয়ে গেল মেসিকে। খুদে জাদুকরই এখন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এমন গোলেই এমন একটা রেকর্ড হওয়া উচিত। আর এই রেকর্ড গড়ার রাতে মেসির আর্জেন্টিনা ৪-০ গোলে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে উঠল কোপা আমেরিকার ফাইনালে। মেসি নিজে তাতে এক গোল করে দুটি করিয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন। এ নিয়ে টানা তিন বছর তিনটি ফাইনালে পা রাখল আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনা ফেবারিটই ছিল। তাই বলে ম্যাচটা এমন একতরফা হবে! ম্যাচের তৃতীয় মিনিটেই মেসির বাতাসে ভাসানো বলে দারুণ হেড করে দলকে এগিয়ে দেন এজেকিয়েল লাভেজ্জি। ৩২ মিনিটে মেসির সেই ইতিহাস গড়া গোল। এই গোলেই পেছনে পড়ে গেলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনার হয়ে মেসির গোল এখন ৫৫টি, বাতিগোলের ৫৪টি। আর কারও ৫০ গোলও নেই, এমনকি গ্রেট ডিয়েগো ম্যারাডোনারও। ম্যারাডোনার অবশ্য আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। এখানেই মেসির অতৃপ্তি। বিশ্বকাপ তো অধরাই, এমনকি কোপাও জেতেননি। এবার পারবেন? আর্জেন্টিনা ট্রফি না জেতা পর্যন্ত দাড়ি কাটবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। মেসিকে প্রতিটি পদক্ষেপেই মনে হচ্ছে দৃঢ়প্রতিজ্ঞ।
২-০ গোলে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রকে ম্যাচে ফিরতে দ্রুতই গোল করা দরকার ছিল। কিন্তু আর্জেন্টিনাই উল্টো দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দিল নস্যাৎ করে। নিখুঁত গোলশিকারির মতো বল জালে পাঠালেন হিগুয়েইন, প্রথম দফায় যুক্তরাষ্ট্র গোলরক্ষক বল ফিরিয়ে দেওয়ার পরও। ৮৬ মিনিটে তাঁর দ্বিতীয় গোল, টানা দ্বিতীয় ম্যাচে দ্বিতীয়। এই গোলটিও মেসির বানিয়ে দেওয়া।
এই টুর্নামেন্টে মেসির চতুর্থ অ্যাসিস্ট এটি। পাঁচ গোল করে, চারটি করিয়ে ‘মেসি এক্সপ্রেস’ ছুটছে অপ্রতিরোধ্য। এবার যেভাবে ভারমুক্ত হয়ে খেলছেন মেসি, যেভাবে গোলের বন্যা ছুটিয়েছে আর্জেন্টিনা; নিয়তি কি ঠিক করে রেখেছে ফাইনালের ট্রফিটাও উঠবে কার হাতে?
এবার প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে দুহাত ভরে গোল উপহার দিচ্ছে আর্জেন্টিনা। এ পর্যন্ত পাঁচ ম্যাচে ১৮ গোল! কোয়ার্টার ফাইনালে এক ম্যাচেই সাত গোল করেও চিলি তাই আর্জেন্টিনার পেছনে পড়ে আছে। চার ম্যাচে তাদের ১৪ গোল। আর্জেন্টিনার নয়জন খেলোয়াড়ের নাম উঠে গেছে গোলদাতা তালিকায়।
এটির চেয়েও বড় সুখবর, মেসি গোটা টুর্নামেন্টটাকেই নিতে পেরেছেন উপভোগের মন্ত্র হিসেবে। আর্জেন্টিনার হয়ে মেসির অতীত ব্যর্থতার মূল কারণ মানসিক চাপ নিয়ে নেওয়া। এবার যেন মেসি পণ করেছেন শিরোপার কথা মাথাতেই আনবেন না। নিজের মতো করে খেলে যাবেন। তবে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ হলো, চোট ফাইনালে খেলতে দিচ্ছে লাভেজ্জি ও অগুস্তো ফার্নান্দেজকে। লাভেজ্জির চোটটা বেশ গুরুতর, বাইরে বেরিয়ে যাওয়া একটি বল হেড করতে গিয়ে কাল বিজ্ঞাপন বোর্ডে আঘাত পেয়েছেন লাভেজ্জি, ভেঙে গেছে হাত।