ইতিহাসের নায়ক রামোস

গোল করাটা তাঁর কাজ নয়, বরং গোল করতে না দেওয়াই তাঁর আসল দায়িত্ব। তবে সার্জিও রামোস প্রথম কাজটাও মাঝেমধ্যেই করেন। আর চ্যাম্পিয়নস লিগে রামোসের গোলটা যেন বিশেষ কোনো উপলক্ষের জন্যই জমিয়ে রাখা। দুই বছর আগের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ যখন জিতে যাচ্ছিল, রামোসের অন্তিম সময়ের গোলে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। পরে অতিরিক্ত সময়ে রিয়াল ৪-১ গোলে উড়িয়ে দেয় অ্যাটলেটিকোকে। তবে লা ডেসিমা জয়ে সবচেয়ে বড় অবদান তো রামোসেরই। ঠিক দুই বছর পর কাল আবার চ্যাম্পিয়নস লিগে গোল পেলেন রামোস। কী আশ্চর্য, সেটিও ফাইনালেই! চ্যাম্পিয়নস লিগের বর্তমান সংস্করণের ফাইনালে একাধিক গোলের কীর্তি ছিল শুধু রোনালদো, মেসি, ইতো ও রাউলের। কাল গোল করে রামোসও বসে গেলেন তাঁদের পাশে। আর ডিফেন্ডার হিসেবে এই কীর্তি তো আর কারওরই নেই।
কাল রামোসের জন্য সেই হিরণ্ময় মুহূর্ত আসে ম্যাচের ১৫ মিনিটেই। গ্যারেথ বেলের হেড থেকে উড়ে আসা বল জালে জড়িয়ে এগিয়ে দেন রিয়ালকে। নিজের আসল কাজ যেটি, সেটিও ঠিকমতোই করেছেন। ম্যাচের শেষ দিকে তো ‘মহামূল্যবান’ একটা ফাউল করে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন রিয়ালকে। বল নিয়ে ছুটছিলেন অ্যাটলেটিকোর কারাসকো, তখন রামোস পেছন থেকে ট্যাকল করে ফেলে দেন তাঁকে। ওই যাত্রায় হলুদ কার্ড দেখেই বেঁচে যান রামোস, তবে ফাউলটা না করলে অ্যাটলেটিকো শেষ মুহূর্তে ম্যাচ জিতেও যেতে পারত। উয়েফা ডট কমের বিচারে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে রিয়াল অধিনায়কের হাতে।
তবে টাইব্রেকার যখন নিতে আসেন, চার বছর আগের স্মৃতিটা কি মনে পড়ছিল রামোসের? বায়ার্নের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে টাইব্রেকারে তাঁর শট বার উঁচিয়ে চলে যায়। কাল অবশ্য আর ভুল করলেন না। ম্যাচ শেষে আনন্দের আতিশয্যে তো কোচ জিনেদিন জিদানের কোলেই উঠে পড়লেন। ট্রফি নেওয়ার সময় মাথায় পরেছিলেন দেশ ও ক্লাব ডোরাকাটা পট্টি। আবেগে কতটা বিহ্বল হয়ে পড়েছিলেন, সেটা রামোসের প্রতিক্রিয়াতেই স্পষ্ট, ‘তিন বছরের মধ্যে দুইবার এই অনুভূতি, আসলেই অসাধারণ। দুইবারই আমি গোল পেয়েছি, সত্যি বলতে কি, অনুভূতিটা অবিশ্বাস্য।’
আপাতত কিছুদিন রামোসের ঘোরেই থাকার কথা!