২০০৮ সালের জুনে প্রথম ফিফা র্যা ঙ্কিংয়ে ১৮৩ নম্বরে নেমে দাঁড়ায় বাংলাদেশ। আট বছর পর গত জুলাইয়ে আবার সেই ১৮৩ নম্বরে। আগস্টেও একই অবস্থান। বাংলাদেশের ফুটবল ইতিহাসে ওটাই এত দিন ছিল সর্বনিম্ন ফিফা র্যা ঙ্কিং। তবে গতকাল প্রকাশিত ফিফার সর্বশেষ র্যা ঙ্কিংয়ে বাংলাদেশে স্থান আরও দুই ধাপ পিছিয়ে হয়েছে ১৮৫।
অথচ কে বলবে এই বাংলাদেশই সর্বোচ্চ ১১০-এ উঠে এসেছিল ১৯৯৬ সালে! কিন্তু ২০ বছর পর এখন পেছনের সারির দলগুলোর সঙ্গে বাংলাদেশের বসবাস। মাঝে ২০১১ সালে ১৩৮-এ উঠলেও আবার নিচে নামতে সময় লাগেনি। সাম্প্রতিক সময়ে ২০ ম্যাচে মাত্র চার জয়। সর্বশেষ জয় গত ডিসেম্বরে কেরালা সাফে ভুটানের বিপক্ষে। এই জয়খরাই তলানিতে নিয়ে গেছে বাংলাদেশকে।
বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৫, গত মাসের চেয়ে ১০ পয়েন্ট কম। কদিন আগে বাংলাদেশ দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলে একটিও জিততে পারেনি। বরং ভুটানের সঙ্গে ঢাকায় গোলশূন্য ড্র করলেও মালেতে প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে উড়ে গেছে ৫-০ গোলে। মালদ্বীপ ম্যাচটা হয়ে আছে বড় এক ক্ষত।
বাংলাদেশ সান্ত্বনা খুঁজতে পারে, দক্ষিণ এশিয়ায় নেপাল ১৮৬। আর কদিন পর ১০ অক্টোবর থিম্পুতে এশিয়ান কাপের প্লে-অফের প্রতিপক্ষ ভুটান ১৮৯। সাফ চ্যাম্পিয়ন ভারত ১৪৮, রানার্সআপ আফগানিস্তান ১৪৯। ফিফা র্যা ঙ্কিংয়ের প্রথম দুটি স্থানে যথারীতি আর্জেন্টিনা ও বেলজিয়াম। পাঁচ ধাপ এগিয়ে ব্রাজিল চারে। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি চার থেকে উঠেছে তিনে। সূত্র: ফিফা।
র্যা ঙ্কিংয়ের শীর্ষ দশ
পয়েন্ট
১ (-) আর্জেন্টিনা ১৬৪৬
২ (-) বেলজিয়াম ১৩৬৯
৩ (+১) জার্মানি ১৩৪৭
৪ (-১) কলম্বিয়া ১৩২৩
৪ (+৫) ব্রাজিল ১৩২৩
৬ (-১) চিলি ১২৮৪
৭ (-১) পর্তুগাল ১২২৮
৮ (-১) ফ্রান্স ১১৮৮
৯ (+৩) উরুগুয়ে ১১৭৩
১০ (+১) ওয়েলস ১১৬১
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন