ইতিহাসের হাতছানি সাবিনাদের

প্রতিদিনের মতো আজও সূর্য উঠেছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। শহরের রামকৃষ্ণ রোডের লায়ন্স ক্লক টাওয়ারের ঘড়িটাও ঘুরছে আপন গতিতে। হাজারো পর্যটক ছুটে চলেছেন দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে। সিটি সেন্টারে চলছে রাজ্যের বেচাকেনা।
ভারতীয়দের জন্য আজ কি শুধুই আর দশটা দিনের মতো? হতে পারে। কিন্তু বাংলাদেশের ফুটবলে দিনটি ইতিহাস গড়ার। মেয়েদের সাফে যে এই প্রথম ফাইনালে বাংলাদেশ। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশের প্রতিপক্ষ টানা তিনবারের চ্যাম্পিয়ন ভারত।
পুরুষ ফুটবলের দুর্দিনে বয়সভিত্তিক, সিনিয়র, সব বিভাগেই সাফল্য পাচ্ছে মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ দিয়ে শুরু। এরপর এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বে চ্যাম্পিয়ন। সেই দলের ১৫ খেলোয়াড় নিয়ে গড়া এবারের জাতীয় দল। একেকটি চ্যালেঞ্জ টপকে এই মেয়েরা এবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তোলার দোরগোড়ায়। যে গৌরব ছেলেদের ফুটবল দলকে সর্বশেষ ছুঁয়ে যায় ২০০৩ সালে। ২০০৫ সালে পুরুষ সাফে অবশ্য ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মেয়েদের গত তিনটি সাফের দুটিতেই বিদায় সেমিফাইনালে।
এবারও ঢাকা ছাড়ার আগে কোচ গোলাম রব্বানী বলেছিলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল।’ সেই লক্ষ্য পূরণ করে এবার ইতিহাস গড়ার অপেক্ষায় এই কোচ। কাল দুপুরে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনেও বলেন সেই কথা, ‘কাল (আজ) আমাদের জন্য, বাংলাদেশের মহিলা ফুটবলের জন্য একটা বিশেষ দিন। আল্লাহর রহমতে ফাইনালে উঠেছি, সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু করার। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’
কোচকে আশার গান শোনাচ্ছে সাবিনা, কৃষ্ণা, স্বপ্নারা। টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ গোল করা সাবিত্রা ভান্ডারির দল নেপালকে সেমিফাইনালে হারিয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (৭ গোল) বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। সেমিফাইনালে হ্যাটট্রিক করে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন স্বপ্না। ভালো কিছু করার সামর্থ্য আছে এই দলের। যুক্তরাষ্ট্রের কোচ, হল্যান্ড-ডেনমার্কপ্রবাসী ফুটবলার নিয়ে টুর্নামেন্টে আসা আফগানিস্তানকে গ্রুপ পর্ব থেকে বিদায় করেছে বাংলাদেশ। ভারতে আসার আগে মালদ্বীপের মেয়েরা দুবাইয়ে ক্যাম্প করেছে, জাপানি কোচ তাদের দুই বছর ধরে অনুশীলন করিয়েছেন। কিন্তু সেই মালদ্বীপকেও সেমিফাইনালে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। যে ভারতের সঙ্গে আগের ছয় সাক্ষাতে সব কটি হেরেছিল, সেই দলটির সঙ্গে এবার ড্র করা সম্ভব হয়েছে গ্রুপ পর্বে। কমলা দেবী, বালা দেবী, সুস্মিতা, ইন্দু মতিদের মতো অভিজ্ঞদের সঙ্গে খেলতে এখন আর কোনো ‘জুজু’র ভয় নেই সাবিনাদের। ম্যাচের আগে তাই কোচ গোলাম রব্বানীর কণ্ঠে সাহসী উচ্চারণ, ‘ভারতের সঙ্গে আমাদের মেয়েরা যে সাহস নিয়ে খেলেছে, যে পরিবর্তন ওদের মধ্যে হয়েছে, তা সবাই দেখেছে এখানে।’
আশার কথা, টুর্নামেন্টে বাংলাদেশের জালে এখন পর্যন্ত একটিও গোল ঢোকেনি। গোলরক্ষক সাবিনার নির্ভরতা দিচ্ছেন, বাংলাদেশের রক্ষণের শক্তির জায়গাও এটা। কোচের মুখে বাংলাদেশের ডিফেন্ডারদেরও প্রশংসা, ‘এখানে অনূর্ধ্ব-১৬ দলের ছয় ডিফেন্ডার নিয়ে এসেছি। ওদের নিয়ে একটা শঙ্কা ছিল আমার মনে। কিন্তু ওরা সেটি খুব ভালোভাবেই উড়িয়ে দিয়েছে।’
টুর্নামেন্টে অবধারিত ফেবারিট ভারত। আন্ডারডগ হিসেবে বাংলাদেশ উঠেছে ফাইনালে। অতীতের পরিসংখ্যানে যতই ভারত এগিয়ে থাক, এই বাংলাদেশকে ঠিকই সমীহ করছেন ভারতের কোচ সাজিদ ইউসুফ দার, ‘এমন বাংলাদেশকে আমি আগে কখনো দেখিনি। কিছুদিন ধরে ওরা অনেক উন্নতি করেছে। দুর্দান্ত ফুটবল খেলছে এখানে। আমরা ওদের মোটেও হালকাভাবে নিচ্ছি না।’
নিজের হাতে এর আগে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে ট্রফি তুলে দেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। আজ তাঁর হাত থেকে ট্রফি নিতে পারবে সাবিনারা?
যেভাবে দুদল ফাইনালে
গ্রুপ পর্ব
বাংলাদেশ
বাংলাদেশ ৬: ০ আফগানিস্তান
বাংলাদেশ ০: ০ ভারত
ভারত
ভারত ৫: ১ আফগানিস্তান
ভারত ০: ০ বাংলাদেশ
সেমিফাইনাল
বাংলাদেশ ৬: ০ মালদ্বীপ
ভারত ৩: ১ নেপাল