ইতিহাসের 'সফলতম' কোচের বিদায়

কম তো নয়, প্রায় ৮ বছর। এই সময়ে স্পেনকে সম্ভাব্য সবকিছুই জিতিয়েছেন। প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছেন, দুই বছর পর ইউরোও জিতিয়েছেন। কিন্তু পরের দুই বিশ্বকাপ ও ইউরোতে ব্যর্থতার দায়ভার নিয়েই সরে যাচ্ছেন ভিসেন্তে দেল বস্ক। স্পেনের কোচের পদ থেকে তো বটেই, ফুটবলকেই বিদায় জানিয়েছেন ৬৫ বছর বয়সী এই কোচ। কাল আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার কথা জানিয়েছেন।
ফুটবলকেই দেল বস্কের এই বিদায় ঘোষণায় ইতিহাসের একটা অধ্যায়েরও সমাপ্তি হলো। সর্বকালের সেরার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। তবে দেল বস্ক তাঁর অর্জনে বাকিদের সবাইকে ছাপিয়ে যাচ্ছেন তো অবশ্যই। তিনিই একমাত্র কোচ, যাঁর চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ জেতার কৃতিত্ব আছে। এর সঙ্গে যোগ করুন ইন্টারকন্টিনেন্টাল কাপ। স্পেনের ফুটবলের সবচেয়ে সোনালি প্রজন্ম যে দু হাত ভরে সব পেয়েছে, এই অভিজ্ঞ কোচ ছিলেন তাঁরই নেপথ্য কারিগর। সামর্থ্য আর সম্ভাবনাটিকে তিনি রূপ দিয়েছেন বাস্তবে।
ইতালির কাছে স্পেনের দ্বিতীয় রাউন্ডের হারের পরেই শুরু হয়ে গিয়েছিল ফিসফাস। দেল বস্ক কি তাহলে চলে যাচ্ছেন? জেরার্ড পিকে বলেছিলেন, সিদ্ধান্তটা নেওয়ার অধিকার দেল বস্কেরই। কিন্তু মাত্রই সাবেক হয়ে যাওয়া দেল বস্ক তখন স্পষ্ট করে কিছু বলেননি। বরং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার কথাই বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অবসরই নিয়ে নিলেন।
কাল স্পেনের সরকারি রেডিও আরএনইতে দেল বস্ক চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন, ‘সত্যি কথা বলতে, কোচিং চালিয়ে যাওয়ার কোনো লক্ষ্যই আমার নেই। ইউরোর ফল যা-ই হোক না কেন, আমার নিজের ভবিষ্যৎ আগেই ঠিক করে রেখেছিলাম। সিদ্ধান্তটাও অনেক আগেই নিয়ে রাখা।’
দুই বছর আগে বিশ্বকাপ ব্যর্থতার পরেই স্প্যানিশ মিডিয়াতে তাঁর চলে যাওয়ার দাবি উঠেছিল। কিন্তু তখন থেকে গিয়েছিলেন। ইউরোতে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর দেল বস্ক ব্যর্থতার দায়ভার নিজের কাঁধেই নিলেন, ‘আমি আগেই বলেছি। এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমি নিঃসংশয় ছিলাম। হয়তো আমরা ইতালির সঙ্গে খুব ভালো করতে পারিনি। আমাদের ভালো একটা সময় কেটেছে। তবে আবার কিছু জেতাই হবে সবচেয়ে কঠিন।’
আর কখনো ডাগআউটে দেখা যাবে না, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন, ‘৩১ জুলাই আমি ফুটবল ছাড়ব। আমাকে আর ডাগআউটে দেখা যাবে না। তবে স্প্যানিশ ফুটবলের জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত।’ অন্য যেকোনো ভাবে নিজের অভিজ্ঞতা দিয়ে কাজ করতে আগ্রহী হলেও কোচের দায়িত্ব আর নয়।
কিন্তু দেল বক্সের উত্তরসূরি কে হবেন। গ্রানাডার সাবেক কোচ হোয়াকিন কাপারোস, স্পেনের অনূর্ধ্ব ২১ দলের কোচ ইয়োহান লোপেগুতি, গ্রানাডার বর্তমান কোচ পাকো জিমেজসহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।