ইতোর অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের দলে তাঁকে রাখেননি ক্যামেরুন কোচ ভলকার ফিনকে। বদলে অধিনায়ক করেছেন স্টেফান এমবিয়াকে। জাতীয় দলে হঠাৎ করে ব্রাত্য হয়ে যাওয়ার অভিমানেই কি বিদায়ের ঘোষণাটা দিয়ে দিলেন স্যামুয়েল ইতো? ৩৩ বছর বয়সী ক্যামেরুন ফরোয়ার্ড সম্পর্ক চুকিয়ে দিলেন জাতীয় দলের সঙ্গে। পরশু নিজের টুইটারে লিখেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই, আমার আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ করছি। আফ্রিকার সবাইকে ধন্যবাদ। আমার ভক্তদেরও, যাঁরা শর্তহীনভাবে আমাকে সব সময় সমর্থন দিয়ে গেছেন।’ ক্যামেরুনের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (১১৮ ম্যাচে ৫৬ গোল) দেশের হয়ে তাঁর শেষ ম্যাচটি খেলেছেন ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে। এএফপি।