ইত্তিহাদে 'হাতুড়ি'র আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটির হয়ে ব্রুইন প্রথম গোল পেলেও হেরেছে তাঁর দল। ছবি: এএফপি
সিটির হয়ে ব্রুইন প্রথম গোল পেলেও হেরেছে তাঁর দল। ছবি: এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হাম আতঙ্কে ভুগছে জায়ান্টরা। লিগের ষষ্ঠ সপ্তাহের মাঝেই তিনটি বড় দলকে হারিয়ে দিয়েছে পূর্ব লন্ডনের এই দলটি। ‘হ্যামার’ বা ‘হাতুড়ি’ ডাকনামে পরিচিত দলটি গতকাল ম্যানচেস্টার সিটিকে ইত্তিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে। এই জয় দিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো ওয়েস্ট হাম।
প্রিমিয়ার লিগে এবার উড়ন্ত সূচনা করেছিল সিটি। প্রথম পাঁচ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। বর্তমান লিগ চ্যাম্পিয়ন চেলসিও তাদের কাছে হেরেছিল ৩-০ গোলে। কিন্তু গতকাল লিগে নিজেদের মাঠেই পরাজয়ের স্বাদ পেলো সিটি। ফলে চ্যাম্পিয়নস লিগ এবং প্রিমিয়ার লিগ মিলিয়ে টানা দুই ম্যাচে নিজেদের মাঠে হারল পেল্লেগ্রিনির দল। অবশ্য এই মৌসুমে ওয়েস্ট হ্যামের বিপক্ষে এই দৃশ্য এখন স্বাভাবিক হয়ে গেছে। মৌসুমের তিনটি অ্যাওয়ে ম্যাচেই বিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ‘হ্যামাররা’। প্রথমে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম দৈত্য বধ করে ওয়েস্ট হাম। এরপর লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। গতকালও অ্যাওয়ে ম্যাচে শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রেখেছে তারা। খেলার শুরুর পর আধা ঘণ্টার মাঝেই সিটিকে দুই গোল দিয়ে বসে ওয়েস্ট হাম। অন্যদিকে স্বাগতিক সিটি গোলের অসংখ্য সুযোগ পেয়েও নিশানা ভেদ করতে না পেরে কেবল মাথা কুটে মরেছে। দলের মূল স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো প্রথম খেলার পর থেকেই গোলের দেখা পাচ্ছেন না। গতকালও নিজের ছায়া হয়েছিলেন এই আর্জেন্টাইন। তবে সিটির একমাত্র গোলে ঠিকই অবদান রাখতে পেরেছেন অ্যাগুয়েরো। প্রথমার্ধের যোগ করা সময়ে তাঁর বাড়িয়ে দেওয়া পাসেই সিটির হয়ে একটি গোল ফিরিয়ে দেন কেভিন ডি ব্রুইন। এই মৌসুমেই ব্রিটিশ দলবদলের রেকর্ড ভেঙে দলে টানা ব্রুইন অবশ্য এরপরও চেষ্টা চালিয়ে গেছেন দলকে সমতায় ফেরানোর। কিন্তু ডেভিড সিলভার অনুপস্থিতিতে সিটির আক্রমণ ভাগকে নখদন্তহীন মনে হয়েছে বারবার। তাই খেলা শেষেও প্রথমার্ধের ফলাফল নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
সিটির এই পরাজয়ে জমে উঠেছে প্রিমিয়ার লিগ। ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখনো সিটি। কিন্তু অপর শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেড এক ম্যাচ কম খেলেই মাত্র পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে। তবে চমক দেখিয়েই যাচ্ছে ওয়েস্ট হাম এবং লেস্টার সিটি। ১২ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় এবং তৃতীয়স্থান দখল করে আছে তারা। সূত্র: এএফপি