ইনফান্তিনোকে যোগ্য উত্তরসূরিই ভাবেন ব্ল্যাটার

সেপ ব্ল্যাটারের রেখে যাওয়া জুতায় পা গলাচ্ছেন তাঁর স্বদেশি জিয়ান্নি ইনফান্তিনো। শুক্রবার ফিফা সভাপতি নির্বাচিত হয়েছেন এই সুইস, আর তা দেখে বেশ খুশি ফিফার শীর্ষ পদে তাঁর পূর্বসূরি সেপ ব্ল্যাটার। ফিফার মসনদ ছেড়ে আসতে বাধ্য হওয়া ব্ল্যাটার বলছেন, তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে ইনফান্তিনোই যোগ্যতম ব্যক্তি। ইনফান্তিনোকে উঞ্চ অভিনন্দন জানিয়ে ব্ল্যাটার বলেছেন, ‘আমি আমার হৃদয়ের গভীর থেকেই অভিনন্দন জানাচ্ছি ফিফার নতুন নির্বাচিত সভাপতিকে।
ইনফান্তিনো সফল হবেন নিজের এই আশাবাদ ব্যক্ত করে ব্ল্যাটার যোগ করেছেন, ‘ইনফান্তিনোর যে অভিজ্ঞতা, তাঁর কূটনৈতিক সক্ষমতা, কাজের কৌশল ইত্যাদি বিবেচনায় মনে হয়েছে, আমার অসমাপ্ত কাজগুলো তিনি এগিয়ে নিতে পারবেন। ফিফায় স্থিতাবস্থাও ফিরিয়ে আনতে পারবেন। আমি তাঁর সাফল্য কামনা করি।’
শুভেচ্ছা-অভিনন্দনের সঙ্গে ফিফার নতুন সভাপতির উদ্দেশ্যে রাখছেন সতর্কবার্তাও, ‘আমার কাছে মনে হয়েছে ফিফার সংস্কার কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তাঁর প্রতি প্রত্যাশার ভারটা অনেক বেশি। তবে আমি মনে করি, ইনফান্তিনো এ ব্যাপারে সফল হবেন।’
গত মে মাসে ফিফা কংগ্রেসে সভাপতি পদে আবার নির্বাচিত হয়েছিলেন ব্ল্যাটার। কিন্তু ফুটবলের সর্বোচ্চ সংস্থায় দুর্নীতি ও বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ব্ল্যাটারের নাম চলে এলে হইচই বাঁধে। পরে ফিফার নৈতিকতা কমিটি উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির সঙ্গে তাঁর একটি লেনদেন ‘অবৈধ’ ঘোষণা করে ব্ল্যাটারকে আট বছরের জন্য ফিফার যাবতীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করে। একই মেয়াদে নিষিদ্ধ হন প্লাতিনিও। নৈতিকতা কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করে নিজেদের নিষেধাজ্ঞা দুই বছর করে কমিয়েছেন ফুটবলের এই দুই মহারথী।।
শুক্রবার নির্বাচনের দিন ব্ল্যাটার অবশ্য জুরিখ থেকে অনেক দূরে ছিলেন। ক্যারিবীয় দ্বীপ ত্রিনিদাদ ও টোব্যাগোতে সময় কাটানো ব্ল্যাটার অবশ্য নির্বাচনের আগ পর্যন্ত ফিফার বেতন-ভাতা ভোগ করেছেন। নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জুরিখে ফিফার সদর দপ্তরে প্রবেশাধিকার হারালেও জুরিখে ফিফার অ্যাপার্টমেন্টে তিনি বিনা ভাড়াতেই ছিলেন। বার্তা সংস্থা এএফপি নাম প্রকাশে অনিচ্ছুক ফিফার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই ব্ল্যাটারের সঙ্গে যাবতীয় চুক্তি শেষ হয়ে গেছে ফিফার। এখন জুরিখের বাড়ি হয় তাঁকে ছেড়ে দিতে হবে, নয়তো এর ভাড়া পরিশোধ করতে হবে। সূত্র: এএফপি।