ইনফান্তিনোকে সমর্থন উয়েফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপের সমর্থন পাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। ছবি-এএফপি।
ইউরোপের সমর্থন পাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। ছবি-এএফপি।

ফিফা নৈতিকতা কমিটির শাস্তি পাওয়ার আগে মিশেল প্লাতিনিই ফিফা সভাপতি পদে সবচেয়ে অগ্রবর্তী প্রার্থী ছিলেন। উয়েফাও সর্বসম্মতিক্রমে তাদের সভাপতিকেই সমর্থন জানিয়েছিল। কিন্তু প্লাতিনি না থাকায় এখন সেই সমর্থনটা কোন দিকে যায়, সেটি দেখার অপেক্ষা ছিল। এ ব্যাপারে অবশ্য কোনো ঝুঁকি নেয়নি ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। সর্বসম্মতিক্রমেই প্লাতিনির ডান হাত সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দিচ্ছে তারা।

প্লাতিনি না থাকায় ফিফা সভাপতি পদে আগামী মাসে হতে যাওয়া লড়াইটা এখন বেশ উন্মুক্তই মনে হচ্ছে। সভাপতি পদে প্রার্থী এখন পাঁচজন। উয়েফার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি জিয়ান্নি ইনফান্তিনো ছাড়াও আছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি বাহরাইনের শেখ সালমান, দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল, ফিফার সাবেক মহাসচিব ফ্রান্সের জেরোম শ্যাম্পেন ও সর্বশেষ নির্বাচনে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী।

সর্বশেষ নির্বাচনে অবশ্য উয়েফার একটা বড় অংশের সমর্থন পেয়েছিলেন প্রিন্স আলী। পরে নতুন নির্বাচনে প্লাতিনি প্রার্থিতা ঘোষণার পর তাঁকেই সমর্থনের কথা জানায় উয়েফা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সমর্থন এখন ইনফান্তিনোর দিকেই ঝুঁকেছে। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইজারল্যান্ডের নিয়নে হওয়া এক সভা শেষে উয়েফার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে আগামী ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

জিয়ান্নি ফিফার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন বলেও মনে করছে সংস্থাটি। সূত্র: গোল ডটকম।