ইনফান্তিনোর হাত ধরেই নতুন যুগ?

প্রার্থী ছিলেন পাঁচজন। কিন্তু শেষ পর্যন্ত জয়ী জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি পদে নির্বাচন করে হেরে যাওয়া বাকিরা কী বলছেন নতুন সভাপতিকে নিয়ে? ফুটবল-বিশ্বের প্রতিক্রিয়াই বা কেমন ইনফান্তিনোকে ফিফা সভাপতি হিসেবে পেয়ে? ৪৫ বছর বয়সী এই সুইস প্রশাসকের সৌভাগ্য, প্রতিপক্ষরা সানন্দেই হার মেনে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁকে। বলতে গেলে গোটা ফুটবল-বিশ্বই স্বাগত জানিয়েছে তাঁর জয়কে।
নির্বাচনে ইনফান্তিনোর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা। প্রথম রাউন্ডে ইনফান্তিনো পান সর্বোচ্চ ৮৮ ভোট, মাত্র ৩ ভোট কম পান শেখ সালমান (৮৫ ভোট)। দ্বিতীয় রাউন্ডে ১১৫ ভোট পেয়ে শেষ পর্যন্ত জিতে যান ইনফান্তিনো। অবশ্য হেরে গেলেও ইনফান্তিনোকে ভবিষ্যতে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফপি) সভাপতি শেখ সালমান, ‘নতুন সভাপতির সঙ্গে মিলে ফিফার সংস্কার ও এর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে কাজ করতে চায় এএফসি। আমার বিশ্বাস, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা হারানো ভাবমূর্তি ফিরে পাবে।’
শুধু সালমানই নন, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার উজ্জ্বল ভবিষ্যৎ আশা করছেন আরেক পরাজিত প্রার্থী জর্ডানের প্রিন্স আলী বিন আল-হুসেইন, ‘দেখা যাক এখন ফিফা কোন পথে হাঁটে। আমি আন্তরিকভাবে চাই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হোক, যা আমাদের সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’
ইউরোপের প্রায় সবগুলো ফেডারেশনের সমর্থনই ছিল ইনফান্তিনোর দিকে। তাঁর জয়ের পর ইউরোপিয়ান ফেডারেশনগুলোর উচ্ছ্বাসও ছিল তাই চোখে পড়ার মতো। ইংলিশ এফএর চেয়ারম্যান গ্রেগ ডাইক যেমন বলেছেন, ‘তিনি (ইনফান্তিনো) খুবই সফলভাবে উয়েফায় দায়িত্ব পালন করেছেন, ফিফা সভাপতি হিসেবেও তিনি দারুণ করবেন।’ জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি উলফগ্যাং নিয়েরশবাখ মনে করেন, ‘ফিফার জন্য এটা ঐতিহাসিক একটা দিন, যা সংস্থাটির ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।’
সেপ ব্ল্যাটারের পদত্যাগ ও নতুন সভাপতি পদে নির্বাচনের পথটা তৈরি হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল রাশিয়া ও কাতারের বিশ্বকাপ স্বাগতিক হওয়া নিয়ে বিতর্ক। সেই রাশিয়ার সমর্থন পেয়েছেন ইনফান্তিনো। খোদ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুভেচ্ছাবার্তা পেয়েছেন ফিফার নতুন সভাপতি, ‘আমি নিশ্চিত আপনার পেশাগত অভিজ্ঞতা ও অসাধারণ ক্যারিয়ার ফিফাকে আরও সমৃদ্ধ করবে।’
শুধু ফুটবল প্রশাসক কিংবা অ্যাসোসিয়েশনগুলোই নয়, ইনফান্তিনোকে সভাপতি হিসেবে স্বাগত জানিয়েছেন সাবেক খেলোয়াড়েরাও। শুরুর দিকে সভাপতি পদে নির্বাচন করতে চেয়েছিলেন লুইস ফিগো, পর্তুগিজ এই কিংবদন্তি যেমন টুইট করেছেন, ‘অবশেষে ফিফায় পরিবর্তন এসেছে। এখন সময় নতুন যুগে পা রাখার।’ এএফপি, রয়টার্স।