ইনিয়েস্তার 'গোল্ডেন ফুট'

আন্দ্রেস ইনিয়েস্তার পা দুটি তো আসলেই সোনায় মোড়া। সেই সোনায় মোড়া পা দিয়েই তো তিনি স্পেনকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ, সেই পায়ের ছোঁয়ায় তাঁর বার্সেলোনা পেয়েছে কত না সাফল্য। কাল মোনাকোতে সেই ইনিয়েস্তার পা দুটি আক্ষরিক অর্থেই লেগে গেল সোনার ছোঁয়া। বর্ণাঢ্য উদযাপনেই তাঁর হাতে তুলে দেওয়া হলো ‘গোল্ডেন ফুট’ পুরস্কার।
বিশ্বকাপে গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস—সেরা খেলোয়াড়দের জন্য এই তিনটি পুরস্কারের কথা সবাই জানেন। বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি অ’রের সোনার বলটিও অচেনা নয় ফুটবলপ্রেমীদের কাছে। সেই তুলনায় এই ‘গোল্ডেন ফুট’ পুরস্কারটি কিছুটা অপরিচিতই সবার কাছে। সাধারণত ২৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী ফুটবলারদের বেশ ঘটা করেই ভূষিত করা হয় এই পুরস্কারে। ২৮ ও তদূর্ধ্ব বয়সী একজন ফুটবলারের ক্যারিয়ারের অর্জন ও তাঁর ফুটবল-কারিশমার ওপর ভিত্তি করে সাধারণ মানুষের ভোটেই দেওয়া হয় এ পুরস্কারটি। এ বছর ইনিয়েস্তা এই পুরস্কারটি পেতে পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রাঙ্ক রিবেরি, ওয়েইন রুনি ও ম্যানুয়াল নয়্যারের মতো তারকাদের।
সোমবার মোনাকোর এই অনুষ্ঠানে ইনিয়েস্তা হাজির ছিলেন তাঁর স্ত্রী আননা অর্টিজকে সঙ্গে নিয়েই। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে এসেছিলেন অতীতের গোল্ডেন ফুট বিজয়ীরাও। রোনালদিনহো, রায়ান গিগস, রবার্তো ব্যাজ্জিও, জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকারা।
প্রায় এক যুগ ধরেই এ পুরস্কারটি দেওয়া হচ্ছে ২৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী খেলোয়াড়দের অর্জনের ওপর ভিত্তি করে। অনলাইনে দেওয়া সাধারণ মানুষের ভোট তো আছেই, পুরস্কারে ভূষিত খেলোয়াড়ের নাম নির্বাচন করতে এতে কাজ করে একটি বিচারক প্যানেলও। সাধারণত বিশ্বসেরা ফুটবল সাংবাদিকদের মধ্য থেকেই বাছাই করা হয় ওই বিচারক প্যানেলটি।
‘গোল্ডেন ফুট’ পুরস্কারে ভূষিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়াটি ইনিয়েস্তা দিয়েছেন চিরাচরিত বিনয়কে সঙ্গী করেই, ‘সবাইকে ধন্যবাদ, আমায় এই অসামান্য সম্মানে ভূষিত করায়। আমি কৃতজ্ঞ। পুরস্কারটা পেয়ে সত্যিই আনন্দিত।’ সূত্র: মার্কা, ডেইলি মেইল।