ইনিয়েস্তা কোথায় যাচ্ছেন, বিশ্বকাপে খেলবেন কি না, এসব প্রশ্নের জবাব

বার্সেলোনা বার্সেলোনায় ২২ বছর কাটানোর পর পরশু বিদায়ের ঘোষণা দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু তাঁর এভাবে ‘ঘর’ ছেড়ে যাওয়া নিয়ে অনেক প্রশ্ন। তেমনই কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে এএফপি—
এখনই কেন?
গত অক্টোবরে তাঁর সঙ্গে আজীবনের চুক্তি করেছে বার্সেলোনা। যেটির অর্থ, কখন ক্লাব ছাড়বেন, সে সিদ্ধান্ত শুধুই ইনিয়েস্তার। তাঁর কাছে এটিকেই বিদায় বলার সবচেয়ে ভালো সময় মনে হয়েছে। হয়তো দায়িত্ববোধটাই সবচেয়ে বেশি কাজ করেছে ‘ডনের’ মনে। নিজের সেরা অবস্থায় থাকতেই সরে যাওয়া, শিরোপা জিততে জিততে বিদায় নেওয়া, প্রিয় ক্লাবটিকে কোনোভাবে ধোঁকা না দেওয়া...। এই মৌসুমেও বার্সেলোনার সেরা খেলোয়াড়দের একজন ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা। এমন পারফরম্যান্সকেই বার্সেলোনার জার্সিতে তাঁর শেষ স্মৃতি বানিয়ে রাখতে চেয়েছেন।
যাচ্ছেন কোথায়?
চীনে যাওয়ার একটা প্রস্তাব আছে, সেটি গত মার্চেই জানিয়েছিলেন। শংকিং দাংদাই লিফানই তাঁকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে বলে গুঞ্জন। ইনিয়েস্তা অবশ্য পরশু বলেছেন, আরও কিছু খুঁটিনাটি বিষয়ে বোঝাপড়ার পর চূড়ান্ত হবে তাঁর পরের গন্তব্য কোথায়। সে যা-ই হোক, তাঁকে পেতে আগ্রহী ইউরোপিয়ান ক্লাবগুলোকে হতাশই হতে হচ্ছে। ইনিয়েস্তা যে বলে দিয়েছেন, বার্সেলোনার বিপক্ষে খেলতে হতে পারে, এমন কোনো ক্লাবে তিনি যাবেন না। তাঁর শেষ কথাটাতে অবশ্য চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোও আগ্রহী হতে পারে, ‘ইউরোপে নয়, এমন যেকোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনাই এখনো আছে।’
বিশ্বকাপে খেলবেন?
চোট-টোট না পেলে রাশিয়াগামী স্পেন দলের বিমানে তিনি থাকছেন, সেটা নিশ্চিত। অনেকটা নিশ্চিত, রাশিয়া থেকে ফিরেই বিদায় বলে দেবেন স্পেন জাতীয় দলকেও। বার্সেলোনার হয়ে মৌসুমে ঘরোয়া ‘ডাবল’ জিততে যাচ্ছেন। স্পেনের হয়ে শেষটাও ইনিয়েস্তা রাঙাতে চাইবেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় পুরস্কারটা হাতে নিয়ে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্পেনের প্রথম বিশ্বকাপটি তো এনে দিয়েছে ফাইনালে তাঁর ভলিই। সঙ্গে ইনিয়েস্তার ট্রফি ক্যাবিনেটে শোভা পাচ্ছে ২০০৮ ও ২০১২-তে টানা দুটি ইউরো জয়ের পদকও।
বার্সা তাঁর অভাব কীভাবে ঘোচাবে?
এককথায় বলতে গেলে, সেটি অসম্ভব। মাঠে-মাঠের বাইরে বার্সেলোনায় ইনিয়েস্তা কী, কতটা সমাদৃত, সেটির প্রমাণ তো পরশু তাঁর বিদায় ঘোষণার দিনেও পাওয়া গেছে। সংবাদ সম্মেলনকক্ষে উপস্থিত ছিলেন বার্সেলোনার খেলোয়াড়, বোর্ডের কর্তাদের প্রায় সবাই। এমন একজনের জায়গা বাইরে থেকে এসে কারও পক্ষে নেওয়া অসম্ভব। লিভারপুল থেকে এই জানুয়ারিতে ১৬ কোটি ইউরোর বিনিময়ে ফিলিপে কুতিনহোকে বার্সেলোনা নিয়ে এসেছে ইনিয়েস্তার উত্তরসূরি হিসেবেই। তবে অসাধারণ প্রতিভাধর হলেও ব্রাজিলিয়ান প্লে-মেকার ‘ইনিয়েস্তা’ হবেন, সে আশা কেউ করছেন না। বার্সেলোনার খেলার ধরনেই হয়তো আগামী মৌসুমে কিছুটা বদল আনতে হতে পারে।
যেভাবে স্মরণীয় হয়ে থাকবেন
স্প্যানিশদের বল দখলে রেখে খেলার যে ধরনটা গত এক দশকে মন কেড়েছে, নিজের সেরা অবস্থার ইনিয়েস্তা সেটির প্রতীক। ক্যারিয়ারে সব জিতলেও কখনো বর্ষসেরা খেলোয়াড় হননি। তবে এখনো অনেকে মনে করেন, ২০১০ ব্যালন ডি’অরটা মেসি নয়, সেবার দ্বিতীয় হওয়া ইনিয়েস্তারই প্রাপ্য ছিল। মাঠের বাইরের ইনিয়েস্তা চুপচাপ, শান্ত, অন্য আর দশজনের মতো। সেটিই হয়তো ভক্তদের মনে তাঁর জন্য আলাদা জায়গা এনে দিয়েছে। এমনকি বার্সেলোনার নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলের সমর্থকদেরও ভালোবাসার পাত্র তিনি। ২০১০ বিশ্বকাপ ফাইনালে গোলটা করার পর তাঁর ওই উদ্যাপনটাই কারণ। জার্সি খুলে ভেতরে থাকা গেঞ্জিতে একটা লেখা দেখাচ্ছিলেন, যেটিতে তাঁর বন্ধু ও এসপানিওলের সদ্য প্রয়াত অধিনায়ক দানি হার্কের কথা লেখা। ব্যক্তি ইনিয়েস্তা কেমন, সেটিও বোঝা যায় আবেগমাখা ওই অসাধারণ মুহূর্ত থেকে।