ইনিয়েস্তা যখন 'শিল্পিত খুনি'!

৭৬ মিনিটে মুনির এল হাদ্দাদির বদলি হয়ে যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, বার্সেলোনার কাছে ততক্ষণে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। স্কোরলাইন দেখাচ্ছিল: রিয়াল মাদ্রিদ ০ - ৪ বার্সেলোনা। স্কোরলাইনটা লজ্জার, তবু আন্দ্রেস ইনিয়েস্তা যখন কাল মাঠে ছাড়লেন, বার্নাব্যুর গ্যালারিতে থাকা মাদ্রিদিস্তাদের অনেকেও উঠে দাঁড়িয়েছেন তাঁকে সম্মান জানাতে। করতালি আর অভিবাদনের মধ্য দিয়ে মাঠ ছাড়লেন বার্সা মিডফিল্ডার।
যেন একটা 'দেজা ভ্যু'। দশ বছর আগে বার্নাব্যুর এল ক্লাসিকোতেও তো এমন হয়েছিল। মাদ্রিদকে ৩-০ গোলে হারানো ম্যাচে সেদিন পুরো স্টেডিয়ামকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন বার্সার দশ নম্বর জার্সি পরা সদা হাস্য এক ব্রাজিলিয়ান। ম্যাচ শেষে সব ইতিহাস, তিক্ততা ভুলে উঠে দাঁড়িয়ে রোনালদিনহোকে করতালিতে সিক্ত করেছিলেন রিয়াল সমর্থকেরা। আত্মবিশ্বাস মিশ্রিত প্রতিভার অবিশ্বাস্য প্রদর্শনীতে সেদিন রোনি নাচিয়ে ছেড়েছিলেন রিয়ালকে। কালকের ম্যাচে ইনিয়েস্তাও দলের সব আক্রমণ এক সুতোয় বেঁধেছেন। ৩২-এর দোরগোড়ায় দাঁড়িয়েও ইনিয়েস্তা এখনো কী অবিশ্বাস্য, এখনো একাই জাদুমন্ত্রে মুগ্ধ করে রাখতে পারেন সবাইকে।
ম্যাচে একটি গোল করেছেন, নেইমারকে দিয়ে করিয়েছেনও আরেকটি। তবে ইনিয়েস্তার পারফরম্যান্সকে সংখ্যা দিয়ে বেঁধে রাখার চেষ্টা করলে ভুল হবে। সংখ্যাগুলো কখনোই বলতে পারবে না, কীভাবে একের পর এক সূক্ষ্ম টার্ন আর রক্ষণভেদী পাসে রিয়ালকে অসহায় করে রেখেছিলেন ৩১ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার, কীভাবে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আড়াআড়ি পাস দিয়ে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন প্রতিপক্ষ রক্ষণকে।
কীভাবে নির্বিকার চেহারা নিয়ে পুরো ৭৬ মিনিট জুড়ে 'খুনে' ফুটবল খেলে গেছেন। শিল্পিত খুন অবশ্যই! পুরো ম্যাচে ইনিয়েস্তার ৯৬ শতাংশ পাসই সতীর্থকে খুঁজে নিয়েছে! অ্যাটাকিং মিডফিল্ডে খেলেন এমন একজন খেলোয়াড়ের জন্য এই পরিসংখ্যান রীতিমতো অবিশ্বাস্য।
অবশ্য বড় ম্যাচে এমন অবিশ্বাস্য কীর্তি গড়া তাঁর অভ্যাসই। বিশ্বকাপ কিংবা ইউরো ফাইনাল, কিংবা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বা এল ক্লাসিকো—উপলক্ষ বড় হলেই যেন পায়ে ফুল ফোটে ইনিয়েস্তার। কালকের উপলক্ষটি অবশ্য অন্য একটা কারণেও বড় ছিল। এই প্রথম যে রিয়ালের বিপক্ষে ম্যাচে অধিনায়কের বাহুবন্ধনী পরে নেমেছিলেন এই স্প্যানিশ ‘ফ্ল্যামেঙ্কো’ ফুটবলার। অবশ্য নেইমারের ব্যাকফ্লিক থেকে ১৮ গজ দূর থেকে যে গোলার মতো শটটি নিলেন, তাতে মনে হতেই পারে, শুধু ফ্ল্যামেঙ্কোর ছন্দ নয়, প্রয়োজনে ‘থর’-এর মতো রূঢ় হতে পারেন ইনিয়েস্তা।
এমনিতেই দেশের হয়ে একমাত্র বিশ্বকাপ জয়ের নায়ক হওয়ায় ইনিয়েস্তা 'আদর' পান স্পেনের সব স্টেডিয়ামেই। কাল অমন পারফরম্যান্সের পর পেলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছ থেকেও। ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে তাই ইনিয়েস্তাও ধন্যবাদ জানিয়ে দিলেন 'মাদ্রিদিস্তা'দেরও।
যে শিল্পিত ফুটবল তিনি উপহার দিয়ে চলেছেন, ধন্যবাদ তো আসলে ইনিয়েস্তারই প্রাপ্য। তথ্যসূত্র: মার্কা, গোলডটকম।