ইনিয়েস্তার ঠিকানা চীন, জাপান না অস্ট্রেলিয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনিয়েস্তা চীন যাবেন?
ইনিয়েস্তা চীন যাবেন?
>

চীনে যাচ্ছেন না আন্দ্রেস ইনিয়েস্তা। তাহলে কোথায় যাবেন? স্পেনের গণমাধ্যম জানিয়েছেন জাপানের ভিসেল কোবে ক্লাবে। স্পেনেই চাউর হয়েছে ইনিয়েস্তা নাকি খেলতে চান অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে!

এত দিনের কানাঘুষা তাহলে মিথ্যা! বার্সেলোনাকে সদ্যই বিদায় বলা আন্দ্রেস ইনিয়েস্তার পরবর্তী গন্তব্য চীনে নয়!
কথা উঠেছিল, মোটামুটি মোটা অঙ্কেই চীনের ক্লাব চঙ্গকিং লিফানে নাম লেখাবেন বিশ্বকাপজয়ী এই তারকা। কিন্তু বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আপাতত খেলোয়াড় হিসেবে ৩৩ বছর বয়সী তারকাকে দলে ভেড়ানোর কোনো পরিকল্পনা চঙ্গকিংয়ের নেই। ইনিয়েস্তার নতুন গন্তব্য হতে পারে জাপান অথবা অস্ট্রেলিয়া।
চঙ্গকিং জানিয়েছে, খেলোয়াড় হিসেবে ইনিয়েস্তাকে এই মুহূর্তে দলে নেওয়ার কোনো পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে তাঁকে বাণিজ্যিক প্রয়োজনে কাজে লাগাতে চায় তারা। চঙ্গকিং আরও জানিয়েছে, এই মুহূর্তে চীনা ফুটবলের উন্নতিতেই কাজ করে যাবে তারা। চীনের ফুটবল উন্নয়নের লক্ষ্যে তারকাদের পেছনে মোটা টাকা ব্যয় না করে ক্লাবগুলোকে নতুন তারকা তৈরিতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, স্প্যানিশ গণমাধ্যমে খবর বেরিয়েছে ইনিয়েস্তা নিজে নাকি অস্ট্রেলীয় ‘এ’ লিগে খেলার ব্যাপারে নিজের আগ্রহ প্রকাশ করেছেন। স্পেনেই খবর বেরিয়েছে, ইনিয়েস্তার পরবর্তী গন্তব্য জাপানের ভিসেল কোবে ক্লাব। অস্ট্রেলীয় ফুটবল ফেডারেশন অবশ্য ইনিয়েস্তার ইচ্ছার ব্যাপারটি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি।