ইনিয়েস্তার শূন্যতা পূরণে আরও একজন

>বায়ার্ন মিউনিখ থেকে ৩১ বছর বয়সী চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদালকে কিনেছে বার্সেলোনা। আন্দ্রেস ইনিয়েস্তার শূন্যতা পূরণে মাঝমাঠে শক্তি বাড়ানোর চেষ্টা করছে কাতালান ক্লাবটি
একবিংশ শতাব্দীতে এই মৌসুমেই প্রথমবারের মতো অভিজ্ঞতাটির সম্মুখীন হবে বার্সেলোনা। আন্দ্রেস ইনিয়েস্তা নেই! বার্সার অনেক সমর্থকের কাছেই ব্যাপারটি হয়তো এখনো অবিশ্বাস্য। কিন্তু বাস্তবতা হলো স্পেনের ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার গত মে মাসেই বার্সা ছেড়ে যোগ দিয়েছেন জাপানের ফুটবলে। আর বার্সাকেও তাঁর শূন্যতা পূরণে দলবদলের বাজারে টাকাপয়সা খরচ করতে হচ্ছে। সেই ধারাবাহিকতায় কাতালান মিডফিল্ডে যোগ হলো নতুন নাম—আরতুরো ভিদাল।
চিলির ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারকে কেনার গুঞ্জনটা শুরু হয়েছিল আগেই। কাল তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বার্সা। সংবাদমাধ্যমের খবর ৩০ মিলিয়ন ইউরোয় বায়ার্ন মিউনিখ থেকে ভিদালকে কিনেছে বার্সা। ক্লাবটিতে মৌসুম প্রতি ৯ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন তিনি। নিজেদের ওয়েবসাইটে ক্লাবটির বিবৃতি, ‘ভিদালের দলবদলের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে বায়ার্ন ও বার্সেলোনা। এই চুক্তিটা আগামী তিন মৌসুমের জন্য।’
গত মৌসুম শেষে ভিদালকে নিয়ে চারজন খেলোয়াড় কিনল বার্সা। ব্রাজিলের ফরোয়ার্ড ম্যালকম, মিডফিল্ডার আর্থার, ফরাসি ডিফেন্ডার ক্লেমেন্ত ল্যাংলেট ও ভিদাল। ইনিয়েস্তা ও পাউলিনহোর শূন্যতা পূরণেই মূলত এমন উঠেপড়ে লেগেছে বার্সা। তবে বার্সায় ১৭ বছর কাটিয়ে বিদায় বলা ইনিয়েস্তার মতো সৃজনশীল ফুটবলার নন ভিদাল। বরং পাউলিনহোর মতো বক্স-টু-বক্স মিডফিল্ডার তিনি, সুযোগ পেলে গোল করতে জানেন। বার্সার মিডফিল্ডে ভিদাল যোগ দেবেন ফিলিপ কুতিনহো, ইভান রাকিতিচ, আর্থার ও সার্জিও বুসকেটসদের সঙ্গে।