ইন্টারনেটে রামোস ভয়ংকর?

ক্লাব ও জাতীয় দলে তাঁকে সামলাতে হয় রক্ষণদুর্গ। রক্ষণভাগের খেলোয়াড়ার হিসেবে সার্জিও রামোস প্রতিপক্ষের কাছে ‘ভয়ংকর’ হিসেবে সেভাবে বিবেচিত না হলেও হেলাফেলার পাত্র নিশ্চয় নন। কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় নাকি স্প্যানিশদের মধ্যে তিনিই সবচেয়ে ভয়ংকর! এটা মনগড়া কিছু নয় বরং ম্যাকাফি নামের কম্পিউটার নিরাপত্তা-সংক্রান্ত একটি প্রতিষ্ঠান রীতিমতো গবেষণা করেই এই তথ্য বের করেছে।
ম্যাকাফি জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের নাম লিখে অনলাইন সার্চ দিলে যে সব ঠিকানা আসে, সেগুলো ক্ষতিকারক ভাইরাস, স্প্যাম ইত্যাদি বহন করে।’ সাধারণত ব্যবহারকারীরা খেলোয়াড়দের ছবি, ভিডিও, স্ক্রিনসেভার ডাউনলোড ও তথ্য পেতে ঢুঁ মারেন সাইটে। আর তাতেই সর্বনাশ! ম্যাকাফির গবেষণা বলছে, স্প্যানিশ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাস লুকিয়ে থাকে রামোসোর মধ্যেই! মানে রামোসের ছবি-ভিডিও ডাউনলাউড করলেই কম্পিউটারে ভাইরাস আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি!
বলাই বাহুল্য, এখানে স্প্যানিশ ডিফেন্ডারের কোনো দায় নেই! রামোসোর পরই এ তালিকার শীর্ষ দশে রয়েছে ইকার ক্যাসিয়াস, জেরার্ড পিকের মতো তারকারা। সূত্র: মার্কা।