ইন্টারে ফিরলেন মরিনহো

না, এ ফেরাটা কোচ হিসেবে ফেরা নয়। চেলসি তাঁকে বরখাস্ত করার পর থেকেই আপাত অবসরজীবন কাটছে হোসে মরিনহোর। কিন্তু ফুটবলের সঙ্গে যার হৃদয়ের সম্পর্ক, তিনি কি আর ঘরে শুয়ে-বসে অবসরজীবন কাটাতে পারেন! দর্শক হয়ে মরিনহো ইউরোপের এ মাঠে-ও মাঠে যাচ্ছেন ফুটবল খেলা দেখতে।
কাল রাতে যেমন মরিনহো গিয়েছিলেন তাঁর সাবেক ক্লাব ইন্টার মিলানে, সিরি ‘আ’তে সাম্পদোরিয়ার বিপক্ষে ইন্টারের ম্যাচটা দেখতে। এই সুযোগে সাবেক ইন্টার স্ট্রাইকার কিংবদন্তি রোনালদো আর সাবেক ডিফেন্ডার হাভিয়ের জানেত্তিসহ আরও অনেকের সঙ্গে একটা দারুণ পুনর্মিলনীও হয়ে গেল মরিনহোর।
২০০৯-১০ মৌসুমে ট্রেবল জেতানো কোচকে অতিথি হিসেবে পেয়ে আবেগাপ্লুত ছিল সান সিরোর দর্শকেরা। গ্যালারিতে শুভ প্রত্যাবর্তন ব্যানার নিয়ে এসেছিলেন অনেকে। কারও হাতে ছিল চ্যাম্পিয়নস লিগের ছবিসহ প্ল্যাকার্ড। সাবেক কোচকে পেয়ে দারুণ উজ্জীবিত ছিল ইন্টারও। সাম্পদোরিয়াকে তারা হারিয়েছে ৩-১ গোলে, উঠে এসেছে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় ৪ নম্বরে। ডেইলি মেইল।