ইন্টারে যেতে চেয়েছিলেন মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

তাঁকে পাওয়াটা অনেক বড় বড় দলের স্বপ্ন। কিন্তু তাঁর আগ্রহটা কোন দলকে নিয়ে? ক্যারিয়ারের এই পর্যন্ত সময়টা বার্সেলোনায় কাটিয়ে দেওয়া লিওনেল মেসির আগ্রহ ছিল ইন্টার মিলানে! এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনা দলে মেসির সাবেক সতীর্থ হুয়ান সেবাস্তিয়ান ভেরন।
গত বছরের শেষ দিকে কোচ লুইস এনরিকের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর মেসি নাকি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে ইউরোপের বড় ক্লাবগুলোর নাম এসেছে সংবাদমাধ্যমে। তবে সেবাস্তিয়ান ভেরন বলছেন তারও আগের কথা। ২০ বছরের ক্যারিয়ারে ১২ বার ক্লাব বদল করেছেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার। চেলসি থেকে ধারে ২০০৪-০৬ পর্যন্ত ইন্টারে খেলেছেন। সেই সময়ই নাকি ইন্টারে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন বার্সেলোনার প্রাণভোমরা। ভেরনের দাবি, ‘কয়েক বছর আগের কথা, একবার সে আমাকে বলল, সে ইন্টারে খেলতে চায়।’ ইন্টার মিলানও মেসির প্রতি সব সময় আলাদা নজর রেখেছিল। ‘নেরাজ্জুরি’দের সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি তো একবার প্রকাশ্যেও বলেছিলেন, ‘মেসির জন্য যত লাগুক খরচ করতে রাজি আছি।’ ভেরন যে সময়ের কথা বলছেন, তখন ইন্টারের সভাপতি ছিলেন সেই মোরাত্তিই। গোলডটকম।