ইন্দো-বাংলা গেমস এপ্রিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে সর্বশেষ ইন্দো-বাংলা গেমস হয়েছিল কলকাতায়, ২০১০ সালের মার্চে। পাঁচ বছর পর আগামী এপ্রিলে আবার মাঠে গড়াতে যাচ্ছে দুই বাংলার এই ক্রীড়াযজ্ঞ।
আগামী ইন্দো-বাংলা গেমসে যে ১০টি খেলা অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হচ্ছে অ্যাথলেটিকস, শ্যুটিং, সাঁতার, ভলিবল, ব্যাডমিন্টন, বক্সিং, কাবাডি, ফুটবল, ভারোত্তোলন ও জিমন্যাস্টিকস। এবার বাদ পড়েছে আর্চারি।
ইন্দো-বাংলা গেমস নিয়ে আলোচনার জন্য পশ্চিমবঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চার কর্মকর্তা ঢাকায় এসেছেন পরশু। কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে হওয়া বৈঠকে দুই দেশের কর্মকর্তারা আগামী এপ্রিল মাসে গেমস আয়োজন করতে একমত হয়েছেন।
সভা শেষে বিওএ সহসভাপতি মিজানুর রহমান (মানু) জানিয়েছেন, ‘অনেক দিন ধরে ইন্দো-বাংলা গেমস বন্ধ। আগামী বছর এপ্রিলে হবে এবারের গেমস।’ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত ব্যানার্জির মুখে মৈত্রীর কথা, ‘মৈত্রীর মনোভাব নিয়ে এখানে এসেছিলাম। সফল হয়েছি। অনেক দিন পর আবারও গেমস হবে ভেবে খুবই ভালো লাগছে।’