ইপিএলের গোলবন্যার সেই খেলাগুলো

ফুটবল গোলের খেলা। গোলশূন্য ম্যাচের চেয়ে গোল-বন্যার ম্যাচ বরাবরই উপভোগ্য। কিন্তু সে ধরনের ম্যাচ যে বিশ্ব ফুটবলে একেবারেই বিরল। দলগুলোর ‘গোল খাব না’ মন্ত্র অনেক সময় খেলাটিকে কৌশলের দাবা খেলায় পরিণত করে। যেনতেন প্রকারে গোলের ব্যবধান তৈরি করে ম্যাচ জেতার প্রবণতার কারণে আজ হারিয়ে যেতে বসেছে গোলের বন্যা বয়ে যাওয়া উত্তেজনাকর ম্যাচগুলো। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও এভারটন উপহার দিয়েছে এমনই এক গোলবন্যার জমজমাট ম্যাচ। প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি গোলের ম্যাচের তালিকায় গতকালের এই ম্যাচটি আছে সপ্তম স্থানে। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালুর পর ১৯টি ম্যাচে হয়েছে নয়টি বা তার চেয়ে বেশি গোল। এমন কয়েকটি গোলবন্যার ম্যাচের কথাই থাকছে এই প্রতিবেদনে
পোর্টসমাউথ বনাম রিডিং (৭-৪), ২০০৭
২০০৭-০৮ মৌসুমে পোর্টসমাউথ ও রিডিংয়ের ম্যাচে হয়েছিল ১১টি গোল। এটিই প্রিমিয়ার লিগের এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড হিসেবে টিকে আছে। ম্যাচটি পোর্টসমাউথ জিতেছিল ৭-৪ গোলে। হ্যাটট্রিক করেছিলেন পোর্টসমাউথের স্ট্রাইকার বেনজানি মাউরুয়ারি। আত্মঘাতি গোল হয়েছিল দুইটি।
টটেনহাম বনাম রিডিং (৬-৪), ২০০৭
২০০৭-০৮ মৌসুমে রিডিংয়েরই আরেকটি ম্যাচে ফুটবলপ্রেমীরা পেয়েছিল তুমুল উত্তেজনার স্বাদ। এবার রিডিং হেরেছিল ৬-৪ গোলে। এই ম্যাচে চারটি গোল করেছিলেন টটেনহামের স্ট্রাইকার দিমিত্রি বারবাতোভ।
টটেনহাম বনাম উইগান অ্যাথলেটিক (৯-১), ২০০৯
এই ম্যাচটা স্মরণীয় হয়ে আছে জার্মেইন ডিফোর কারণে। প্রিমিয়ার লিগের তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পাঁচটি গোল করেছিলেন টটেনহামের এই স্ট্রাইকার। মজার ব্যাপার হলো ম্যাচটা যে এমনভাবে গোলবন্যায় ভাসবে সেটা প্রথমার্ধ শেষে বোঝার কোনো উপায় ছিল না। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল টটেনহাম। দ্বিতীয়ার্ধেই হয়েছে ম্যাচের নয়টি গোল। ৫১ থেকে ৫৮ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন ডিফো।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল (৮-২), ২০১১
এই ম্যাচটির কথা মনে হলে হয়তো এখনও ব্যাথা অনুভব করেন আর্সেনালের সমর্থকেরা। ওয়েইন রুনির হ্যাটট্রিক ও অ্যাশলে ইয়ংয়ের জোড়া গোলের সুবাদে আর্সেনালকে ৮-২ গোলের লজ্জায় ডুবিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
আর্সেনাল বনাম নিউক্যাসেল ইউনাইটেড (৭-৩), ২০১২
প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই-ই চালিয়েছিল আর্সেনাল ও নিউক্যাসেল। খেলায় ছিল ১-১ গোলের সমতা। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন গোল করার নেশায় পেয়ে বসে গানারদের। প্রথমার্ধে এক গোল করা থিও ওয়ালকট পূর্ণ করেন হ্যাটট্রিক। ৮৪ ও ৮৭ মিনিটে দুইটি গোল করেছিলেন অলিভার জিরু।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ওয়েস্ট ব্রমউইচ (৫-৫), ২০১৩
এটা ছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ী ম্যাচ। কিংবদন্তি এই কোচ দারুণ এক জয় দিয়েই ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারবেন বলে আশা করেছিলেন ম্যানইউয়ের সমর্থকেরা। ৬৩ মিনিটের মধ্যে ৫-২ গোলে এগিয়েও গিয়েছিল রেড ডেভিলরা। কিন্তু ৮০ মিনিটের পর তিনটি গোল শোধ করে দেয় ওয়েস্ট ব্রমউইচ। বিদায়ী ম্যাচটা জয় দিয়ে উদযাপন করতে না পারলেও উত্তেজনাপূর্ণ এই ম্যাচটা হয়তো স্মরণীয়ই হয়ে আছে অ্যালেক্স ফার্গুসনের মনে।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ইপউইচ টাউন (৯-০), ১৯৯৫
নিচের সারির ক্লাব ইপউইচ টাউনের বিপক্ষে যেন গোল করার নেশায় পেয়ে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের। এই ম্যাচে পাঁচটি গোল করেছিলেন অ্যান্ডি কোল। প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডের তালিকার শীর্ষেও আছে ১৯৯৪-৯৫ মৌসুমের এই ম্যাচটি।
১৯৯৯ সালেও ম্যানচেস্টার ইউনাইটেড উপহার দিয়েছিল নয় গোলের বিনোদন। সেবার তারা নটিংহাম ফরেস্টকে হারিয়েছিল ৮-১ গোলের ব্যবধানে।
টটেনহাম বনাম আর্সেনাল (৪-৫), ২০০৪
এমন উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার জন্যই অপেক্ষা করে থাকেন ফুটবলপ্রেমীরা। টানটান উত্তেজনায় পরিপূর্ণ ম্যাচটি আর্সেনাল জিতেছিল ৫-৪ গোলে।
ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল (৬-৩), ২০১৩
গত মৌসুমেই এই নয় গোলের রোমাঞ্চকর ম্যাচটি উপহার দিয়েছিল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এই ম্যাচে জিতেই শিরোপা জয়ের পথে বড় একটা ধাপ ফেলেছিল ম্যানসিটি। গত মৌসুমে আরও একবার দেখা গিয়েছিল এই একই ব্যবধানের ফলাফল। কার্ডিফ সিটিকে ৬-৩ গোলে হারিয়েছিল লিভারপুল। হ্যাটট্রিক করেছিলেন লুইস সুয়ারেজ।