ইব্রাই নায়ক, ইব্রাই খলনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম ম্যাচেই ঘটনাবহুল এক রাত কাটালেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সে ঘটনার ঘনঘটায় পিএসজির সুইডিশ স্ট্রাইকার নায়ক, একই সঙ্গে খলনায়কও।

নিজে করেছেন জোড়া গোল, রেসেঁর বিপক্ষে তাঁর দল পিএসজি (প্যারিস সেন্ট-জার্মেই) পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ২-২ গোলের ড্র নিয়ে। স্রেফ এটুকু বললে মৌসুমে প্রথম ম্যাচটা ইব্রাহিমোভিচের স্বপ্নের মতো কেটেছে বলেই মনে হয়। কিন্তু পরশুর ম্যাচটি ইব্রাহিমোভিচকে দেখিয়েছে মুদ্রার উল্টো পিঠও। ফাঁকা পোস্ট পেয়েও বল মেরেছেন পোস্টে। গোল করতে পারেননি পেনাল্টি থেকেও। তাই দলকে শেষ পর্যন্ত ড্র এনে দেওয়ার স্বস্তি যেমন আছে; তেমনি দল যে জয় দিয়ে শুরু করতে পারল না, সেটির দায়ও তাঁরই।

প্রতিপক্ষের মাঠে অনু​ষ্ঠিত ম্যাচের ৭ মিনিটেই পিএসজিকে প্রথম এগিয়ে দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। এর মিনিট দশেক পর সুযোগ পেয়েছিলেন ব্যবধান দ্বিগুণ করার। কিন্তু ফাঁকায় বল পেয়ে যাওয়া ইব্রাহিমোভিচের শট লাগে পোস্টে। একটু পর নিজেই পেনাল্টি আদায় করে নিয়েছিলেন। কিন্তু তাঁর শট ঠেকিয়ে দেন রেসেঁর গোলরক্ষক জনি প্লাসিডে। এই দুটি মিস বড় হয়ে ​ওঠে পিএসজি ১২ মিনিটের ব্যবধানে ২ গোল খেয়ে যাওয়ায়। ২২ মিনিটে সমতা আনার ১২ ​মিনিট পর ২-১-এ এগিয়ে যায় রেসঁ। ইব্রাহিমোভিচ সমতাসূচক গোলটি করেন ৬৩ মিনিটে।

জিততে না পারার আক্ষেপ হয়তো আছে। তবে পিএসজির জন্য লিগের প্রথম ম্যাচটা ড্র করাটা অবশ্য একরকম ‘নিয়ম’-ই হয়ে গেছে বলা যায়। কাতারি মালিক মালিকানা কিনে নেওয়ার পর গত চার মৌসুমেই শুরু ড্র দিয়ে। শুরুতেই জোড়া গোল করে ইব্রাহিমোভিচও যেন ইঙ্গিত দিয়ে রাখলেন, গত দুই মৌসুমের মতো এবারের মৌসুমটিও নিজের করে নিতে প্রস্তুত তিনি। এসি মিলান ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর গত দুই মৌসুমেই ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইব্রাহিমোভিচ। পিএসজিও শিরোপা ঘরে তুলেছে দুবারই। এএফপি।