ইব্রাকে বেশি সুবিধা দিচ্ছেন মরিনহো?

ইব্রাহিমোভিচ ওল্ড ট্রাফোর্ডে আসার আগ থেকেই তাঁকে নিয়ে মুগ্ধতা হোসে মরিনহোর। ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর সুইডিশ স্ট্রাইকার তাঁর কোচের সেই মুগ্ধতা আরও বাড়িয়েছেন। এতটাই যে কোচের কাছ থেকে এখন কিছু বাড়তি সুযোগ-সুবিধাও পাচ্ছেন ইব্রা! সেটা কী রকম? এই যেমন আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে অন্য অনেকে ছুটি পেয়েছেন দুদিনের, ইব্রাকে মরিনহো দিয়েছেন চার দিনের ছুটি!
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে ক্লাব ছাড়বেন বেশির ভাগ ফুটবলার। তবে ইউনাইটেডের যেসব খেলোয়াড়ের দেশের হয়ে কোনো খেলা নেই, তাঁরাও দুদিনের ছুটি পেয়েছেন মরিনহোর কাছ থেকে। খেলা নেই ইব্রারও। ৩৪ বছর বয়সী এই সুইডিশ স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন কিছুদিন আগে। তবে তারপরও তাঁকে ছুটি দিয়েছেন মরিনহো এবং সেটা বাকি সবার চেয়ে বেশি—চার দিন!
কেন, সেটি অবশ্য ব্যাখ্যাও করেছেন ইউনাইটেড কোচ, ‘ও ক্লাবের হয়ে প্রতিটা ম্যাচে প্রতিটা মিনিট খেলছে। এখন পর্যন্ত চার ম্যাচে ৩৬০ মিনিট খেলেছে সে। ওর বয়স ৩৪ হয়েছে গেছে। এখন তো আর সে মৌসুমে ৭০টি ম্যাচ খেলতে পারবে না। এটুকু বিশ্রাম ওর প্রাপ্যই।’
অবশ্য কোচের এই আস্থার ও ভালোবাসার প্রতিদানও দিয়ে যাচ্ছেন ইব্রা। ইউনাইটেডের হয়ে সব ধরনের টুর্নামেন্টে ৪ ম্যাচে এরই মধ্যে ৪টি গোলও করেছেন সুইডিশ স্ট্রাইকার। ইএসপিএন।