ইব্রার উদারতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রা
ইব্রা

মানসিক প্রতিবন্ধীদের বিশ্বকাপ ফুটবলে নাম লিখিয়েছে সুইডেন। কিন্তু এ মাসেই ব্রাজিলে আয়োজিত এ টুর্নামেন্টে যেতে সুইডিশ মানসিক প্রতিবন্ধী দলের সামনে বাধা হয়ে দাঁড়ায় টাকা। দলটির প্রয়োজন ছিল ৫১ হাজার ডলার। কে দেবে এত টাকা?
সুইডেন জাতীয় দলের ফুটবলারদের দ্বারস্থ হলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের অনুরোধ করা হলো জার্সি, বুটে সই করতে, যা বিক্রি করে টাকা তোলার চিন্তা ছিল। একই অনুরোধ পেলেন ইব্রাহিমোভিচও। পুরো ব্যাপারটা জেনে এগিয়ে এলেন ইব্রা। বললেন, ‘শার্ট বিক্রি করে কত টাকাই বা পাবেন আপনারা?’ এরপর সবাইকে অবাক করে নিজেই পুরো অর্থ দিয়ে দেন মানসিক প্রতিবন্ধী দলের ব্যাংক হিসাবে।
এই মহানুভবতায় ইব্রা হয়ে গেলেন ব্রাজিলগামী সুইডিশ মানসিক প্রতিবন্ধী দলের দূতও। এটা তাঁর জন্য নতুন এক অভিজ্ঞতাই, ‘নিজেরা বিশ্বকাপ খেলতে না পারায় হতাশ ছিলাম। কিন্তু যখন শুনলাম ওরা খেলতে যাচ্ছে, ভাবলাম আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ওদের সাহায্য করতে হবে। ওদের মধ্য দিয়েই আমি এখন বিশ্বকাপের স্বাদ পাব।’
দলের ম্যানেজার স্টেফান জনসন যেন এখনো ঘোরে আছেন, ‘অবিশ্বাস্য, অদ্ভুত, অসাধারণ। নিজেকে এখনো চিমটি কেটে দেখতে হচ্ছে! ইব্রাকে ধন্যবাদ আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ করার জন্য।’ ইয়াহুস্পোর্টস।