ইব্রার নিজেরই বিশ্বাস নেই
গত মৌসুমটা দুর্দান্তই কাটিয়েছেন। ফ্রেঞ্চ লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন, পিএসজির হয়ে জিতেছেন লিগ ও কাপ। সবশুদ্ধ ৪৬ ম্যাচে করেছেন ৪১ গোল। এই বছরের ব্যালন ডি’অর পাওয়ার আত্মবিশ্বাস জ্লাতান ইব্রাহিমোভিচের থাকতেই পারে। কদিন আগে ফিফার ২৩ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ঠাঁই পেয়েছেন। কিন্তু ইব্রা নিজেই সেই বিশ্বাসে লাগাম পরিয়ে দিয়েছেন!
এটি একটু বিস্ময়করই। ইব্রা সব সময়ই স্পষ্ট বক্তা। নিজেই স্বীকার করেছেন, গত মৌসুমটা ছিল ক্যারিয়ারের সেরা। কিন্তু ব্যালন ডি’অরে নিজের সম্ভাবনা দেখছেন না কেন? ইব্রা বলছেন, বিশ্বকাপে খেলতে না পারার কারণেই তাঁকে পুরস্কারটা নাও দেওয়া হতে পারে, ‘আমার মনে হয় গত মৌসুমটা আমার ক্যারিয়ারের সেরা ছিল। এটাই সব সময় আমার উদ্দেশ্য, প্রতিবছর নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়া। আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু এটা (ব্যালন ডি’অর) পাওয়া কঠিন হবে, কারণ আমি বিশ্বকাপে খেলতে পারিনি। বিশ্বকাপে অনেক দুর্দান্ত খেলোয়াড় ছিল। তারা তো খানিকটা এগিয়ে থাকবেই। তবে আমি যেটা করতে পারি, নিজের মানটা ধরে রেখে এটা পাওয়ার চেষ্টা করে যাওয়া।’ বিশ্বকাপে ইব্রার সুইডেন প্লে-অফে হেরে যায় রোনালদোর পর্তুগালের কাছে। গোলডটকম।