ইব্রার সেরা রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর সঙ্গে ইব্রাহিমোভিচ
রোনালদোর সঙ্গে ইব্রাহিমোভিচ

দুজনের ক্যারিয়ারের গতিপথে বিস্ময়কর মিল। দুজনেরই উত্থান ডাচ লিগ থেকে। ইন্টার মিলান, এসি মিলান ও বার্সেলোনায়ও খেলেছেন দুজন। যদিও কখনোই খেলা হয়নি একসঙ্গে।
তবে পূর্বসূরির প্রতি শ্রদ্ধার অভাব নেই জ্লাতান ইব্রাহিমোভিচের। শুধু নিজের দেখা নয়, সর্বকালেরই সেরা খেলোয়াড় বলছেন তাঁকে। এমনিতে উদ্ধত ইব্রা কার প্রশংসায় এত পঞ্চমুখ? অনেকেই হয়তো ধরে ফেলেছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।
গত শনিবার নিসের সঙ্গে পিএসজির একটা ম্যাচে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির অতিথি হয়ে এসেছিলেন রোনালদো। সেখানেই দেখা দুজনের, পরে ইব্রা রোনালদোর সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানেই লিখেছেন, ‘গত রাতের সবচেয়ে ভালো স্মৃতি। সর্বকালের সেরা খেলোয়াড়, রোনালদো, দ্য ফেনোমেনন।’
২০০৭ মিলান ডার্বিতে সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন ইব্রা। সেই অভিজ্ঞতা থেকেই পিএসজি স্ট্রাইকারের রোনালদো-মুগ্ধতা, ‘আমার দেখা প্রতিপক্ষের সেরা খেলোয়াড়? অনেক ভালো খেলোয়াড়ের সঙ্গে খেলেছি, তবে আমি রোনালদোর কথাই বলব। একজন ফুটবলার হিসেবে ছিলেন পূর্ণাঙ্গ, তাঁর চেয়ে ভালো আর কেউ আছে বলে মনে হয় না।’ মেইল অনলাইন।