ইব্রার হাতে ব্যালন ডি'অর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাহ্, ওকে দিয়ে হবে না!’
মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে যখন যোগ দিচ্ছেন, ইব্রাহিমোভিচকে নিয়ে এমন কথা অনেকের মুখেই শোনা গেছে। অন্যদের কথা বাদ দিন, আর্সেন ওয়েঙ্গারের পাকা জহুরির চোখজোড়াও একটু ধোঁকা খেয়ে গিয়েছিল। আর্সেনাল কোচও তখন বলেছিলেন, ‘ওর মান, প্রতিভা এবং আরও ভালো করার ইচ্ছা নিয়ে কোনো সংশয় নেই। তবে ও এখন আর তরুণও নয়।’
৩৫ বছর বয়সে প্রিমিয়ার লিগের মতো গতিময় ফুটবল ইব্রাহিমোভিচের জন্য কঠিন পরীক্ষাই ছিল। তা সাত মাস পর বর্তমানে এসে পরীক্ষার ফল নির্ধারণে যদি বসে যান, পরীক্ষাটায় ‘এ প্লাস’ই পাবেন সুইডিশ স্ট্রাইকার। এমনই পারফরম্যান্স তাঁর, ইউনাইটেড কোচ মরিনহো তো ইব্রার হাতে এবার ব্যালন ডি’অর দেখার আশাও করছেন!
মৌসুম যত এগোচ্ছে, দিনে দিনে হয়তো মরিনহোর প্রত্যাশাকেও ছাড়িয়ে যাচ্ছেন ইব্রাহিমোভিচ। ৩৮ ম্যাচে ২৬ গোল তাঁর হয়ে কথা বলে, যেখানে মৌসুমে ইউনাইটেডের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরারের (হুয়ান মাতা) গোল মাত্র ৯টি! তাঁর পক্ষে কথা বলে সপ্তাহ দুয়েক আগে ওয়েম্বলিতে শেষ মুহূর্তে গোল করে ইউনাইটেডকে লিগ কাপ শিরোপা জেতানোও। এর আগে প্রাক-মৌসুমে জিতিয়েছেন কমিউনিটি শিল্ড। সব মিলিয়েই ইব্রাকে নিয়ে মরিনহোর উপলব্ধি, ‘ও যা করছে, সেটা দুর্দান্ত। এতগুলো গোল করেছে, ওয়েম্বলির দুটি ম্যাচ, ট্রফিগুলো, খেলোয়াড়দের মধ্যে ও যেমন এবং ওর যা গুরুত্ব...আমার তো মনে হয়, ও অবিশ্বাস্য!’
তাই বলে ব্যালন ডি’অর, নয় বছর ধরে যেটি হয়ে আছে মেসি-রোনালদোর ‘যৌথ সম্পত্তি’! পুরস্কারটা সবচেয়ে বেশি বয়সে জেতার রেকর্ডও যেখানে ৩৩ (ফাবিও ক্যানাভারো, ২০০৬)। মরিনহো তা জানেন, কিন্তু ইব্রার পারফরম্যান্স তাঁকে অন্য রকম ভাবতে বাধ্য করছে, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে আমি চিনি। ওরা কেমন, কী করছে, তা-ও জানি। তবে বিশ্বাস হয় না, এই “বিগ ম্যান” এমন দুর্দান্ত ক্যারিয়ার নিয়েও কখনো ব্যালন ডি’অর জেতেনি। যদি এবার বিশেষ কিছু করতে পারে, তাহলে এই মৌসুমেই কেন নয়! যদি আরও ট্রফি জিততে পারে, স্টকহোমে ইউরোপা লিগের ফাইনালে যেতে পারে...তাহলে কেন এই ৩৫ বছর বয়সী লোকটা পুরস্কারটা পাবে না?’
তা ব্যালন ডি’অর তো বছর শেষের ব্যাপার। তত দিন ইব্রাহিমোভিচ ইউনাইটেডে থাকবেন কি না, সেটাও একটা প্রশ্ন। সুইডিশ স্ট্রাইকারের সঙ্গে ইউনাইটেডের চুক্তিটা আপাতত এই মৌসুম পর্যন্ত, যেটি আরেক মৌসুম বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। মরিনহো যে ব্যাপারে মনস্থির করে ফেলেছেন, ‘দ্বিতীয় বছরে ইব্রাহিমোভিচই হবে এই দলের মূল খেলোয়াড়। আমার মনে হয়, ওরও থাকার ইচ্ছে আছে।’
তবে শুধু দলের প্রাণভোমরা নয়, নিজেকে নিয়েও কথা বললেন মরিনহো। মৌসুম শুরুর আগে তাঁর ঔদ্ধত্য, রক্ষণাত্মক কৌশল সব মিলিয়ে ইউনাইটেডের ডাগআউটে তিনি কেমন করবেন, তা নিয়েও শঙ্কা ছিল। তবে এখন পর্যন্ত পর্তুগিজ কোচের মনে হচ্ছে, খারাপ করেননি, ‘মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেড বুঝে গেছে যে আপনারা যেমনটা বলেন, তেমন দানব আমি নই। এত খারাপ মানুষ নই, উদ্ধতও নই, আমার সঙ্গে কাজ করাও খুব একটা কঠিন নয়। অন্তত এখন পর্যন্ত অনুশীলনে আমি আসার পর কেউ দৌড়ে পালিয়ে যায়নি!’ এএফপি, ডেইলি মেইল।