ইব্রার হাতেই ডেনমার্কের 'অবসর'

‘হেরে গেলেই অবসরে’—ডেনমার্ক বনাম সুইডেনের প্লে-অফের আগে ইব্রাহিমোভিচকে ঘিরে ছড়িয়ে পড়েছিল এই গুঞ্জন। মনস্তাত্ত্বিক সুবিধা নিতে সেই গুঞ্জনে হাওয়াই দিয়েছিল ডেনমার্ক। তবে তা তাদের কাছে ফিরে গেল বুমেরাং হয়ে। ডেনমার্ককেই ‘অবসরে’ পাঠিয়ে ২০১৬ ইউরোতে সুইডেনকে নিয়ে গেলেন প্যারিস সেন্ট-জার্মেই স্ট্রাইকার।
মনের কথা কখনো চেপে রাখেন না। যা মনে আসে, মুখেও বলে ফেলেন। আলটপকা সব কথার জন্য সুইডিশ স্ট্রাইকার এখন ইন্টারনেটে ঝড়তোলা এক চরিত্র, যাঁকে বলে ‘মেমে’। তাঁর বিভিন্ন উক্তি নিয়েই ফেসবুক-টুইটারে তৈরি হয়েছে মজার অনেক ছবি। সেসব মন্তব্যের সংগ্রহশালায় নতুন আরেকটি ‘বচন’ যোগ করলেন ইব্রা!
কদিন ধরেই চলছিল তাঁর অবসর নিয়ে জল্পনা। ইউরোর মূলপর্ব নিশ্চিত হওয়ার পর সেদিকে ইঙ্গিত করে ৩৪ বছর বয়সী স্ট্রাইকার বললেন, ‘সবাই ভাবছিল, এই ম্যাচের পর ওরা আমাকে অবসরে পাঠিয়ে দেবে। আমি ওদের পুরো দেশকেই অবসরে পাঠিয়ে দিয়েছি।’
ইব্রাহিমোভিচ এমনটা বলতেই পারেন। তাঁর জোড়া গোলের সৌজন্যেই তো ইউরোর টিকিট পেল সুইডেন। ২-২ গোলে ড্র ম্যাচে দলের দুটি গোলই করেছেন তিনি, দ্বিতীয়টি এসেছে দুর্দান্ত ফ্রি-কিকে। প্লে-অফের প্রথম লেগে ঘরের মাঠে ইব্রাদের দল জিতেছিল ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে সমন্বিত ফলে (৪-৩) এগিয়ে থেকেই মূলপর্বে সুইডেন। তবে ম্যাচ ছাপিয়ে ইব্রাই আলোচিত চরিত্র। পুরো দেশকে তো আর অবসরে পাঠানো সম্ভব নয়, তবে ইব্রা ঠিকই অবসরে যেতে ‘বাধ্য’ করেছেন ১৫ বছর ধরে ডেনমার্কের কোচ থাকা মর্টেন ওলসেন ও ৮০ ম্যাচ খেলা ডিফেন্ডার লার্স জ্যাকবসনকে।
একই দিনে সর্বশেষ দল হিসেবে আগামী বছরের ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইউক্রেনও। প্লে-অফে দুই লেগ মিলিয়ে স্লোভেনিয়াকে ৩-১ গোলে হারিয়ে মূল পর্বে গেলেন ইয়ারমোলেঙ্কো-কোনোপ্লিয়াঙ্কারা। সুইডেন ও ইউক্রেনকে নিয়ে আগামী ১২ ডিসেম্বর প্যারিসে ইউরোর গ্রুপ পর্বের ড্রতে ২৪টি দলের কোটাই পূর্ণ হলো।
ইব্রাহিমোভিচ খেলেন ফ্রেঞ্চ ক্লাবে, আগামী বছরের প্রতিযোগিতাও হবে ফ্রান্সে। বিষয়টি নিয়ে এখনই বেশ উচ্ছ্বসিত সুইডিশ স্ট্রাইকার, ‘জাদুকরি কিছুই হবে এটি।’ তবে ম্যাচ শেষে এও জানিয়ে রাখলেন, এবারের ইউরোই সুইডেনের জার্সিতে তাঁর শেষ, ‘আমি ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ করার সুযোগ পাচ্ছি, এটাই হয়তো নিয়তি।’
কে জানে নিয়তি আর কিছু বাকি রেখেছে কিনা! সমাপ্তি যখন দৃষ্টিসীমায়, ইব্রা ‘জাদুকরি’ কিছু তো চাইতেই পারেন। ইএসপিএন।
কোন পাত্রে কোন দল
পাত্র ১ ফ্রান্স, স্পেন, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল, বেলজিয়াম
পাত্র ২ ইতালি, রাশিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ইউক্রেন
পাত্র ৩ চেক প্রজাতন্ত্র, সুইডেন, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি
পাত্র ৪ তুরস্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ওয়েলস, আলবেনিয়া, উত্তর আয়ারল্যান্ড
এক নজরে
ইউরো ২০১৬
আয়োজক: ফ্রান্স
সময়: জুন ১০-জুলাই ১০
অংশগ্রহণকারী দল: ২৪
মাসকট: সুপার ভিক্টর