ইব্রাহিমোভিচের 'সিরি আ' নস্টালজিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালীয় লিগকে সেরা মনে করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স।
ইতালীয় লিগকে সেরা মনে করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স।

সেই আশি-নব্বইয়ের দশকে ইতালীয় সিরি ‘আ’ কে বিশ্বের সেরা ফুটবল লিগ হিসেবে অভিহিত করলে কেউ ভ্রু কুঁচকে তাকাতেন না। সত্যিকার অর্থেই ওই সময়টা ইতালীয় লিগ পরিণত হয়েছিল বিশ্ব সেরা ফুটবলারদের আরাধ্য গন্তব্যে। ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে অনেক বিশ্ব তারকাই খেলতেন এই লিগে। এসি মিলান, জুভেন্টাস, নাপোলি, রোমা, ইন্টারের মতো ক্লাবগুলোও তখন দাপটের সঙ্গে ছড়ি ঘোরাত ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

সময় বদলে গেছে। ইতালীয় ফুটবলের জৌলুশ আর আগের মতো নেই। ইতালীয় সিরি ‘আ’ এখন স্প্যানিশ লা লিগা কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে টক্করে পিছিয়ে পড়েছে অনেকটাই। চ্যাম্পিয়নস লিগের জমজমাট আসরেও এখন আর ইতালীয় দলগুলোর আধিপত্য খুব একটা নেই।

জ্লাতান ইব্রাহিমোভিচ অবশ্য তা মনে করেন না। তাঁর মতে, ইতালীয় সিরি ‘আ’ বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল লিগ, বিশ্বের সবচেয়ে কঠিন ফুটবল লিগ। প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজি) এই সুইডিশ তারকার সিরি ‘আ’ সম্পর্কে এমন ধারণা তাঁর অভিজ্ঞতা থেকেই।

ইতালীয় ক্রীড়া দৈনিক গেজেত্তা দেল্লা স্পোর্তোর সঙ্গে এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেছেন, তাঁর ক্যারিয়ারের একটা উজ্জ্বল সময়ের সাক্ষী ইতালি। যখন তিনি আয়াক্সে খেলেন, তখন তিনি ছিলেন তরুণ, তেমন পরিচিতিও ছিল না তাঁর। কিন্তু সেখান থেকেই জুভেন্টাস তাঁকে নিয়ে আসে। ‘বিয়াঙ্কোনেরি’দের হয়ে খেলতে খেলতেই তিনি পরিচিত হয়ে ওঠেন বিশ্বময়। ব্যাপারটা কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করেন তিনি।

২০০৪ থেকে ২০১২ পর্যন্ত মোটামুটি টানাই ইতালিতে কাটিয়েছেন ইব্রাহিমোভিচ। মাঝের কিছু সময় অবশ্য বার্সেলোনার জার্সি গায়ে খেলেছিলেন। কিন্তু সেখানে তেমন সুখস্মৃতি নেই। ইতালিতে থাকার সময়টা নিয়ে যথেষ্ট নস্টালজিক ইব্রাহিমোভিচ, ‘জুভেন্টাসে এসে খ্যাতি পেলাম। ইতালিতে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার-তিনটি বড় ক্লাবের হয়ে শিরোপা জিতেছি। সেরা খেলোয়াড় হয়েছি, গোল করেছি। সব কিছু মিলিয়েই মনে হয় ইতালির সময়টা দুর্দান্ত ছিল।’

ইতালীয় সিরি ‘আ’কে বিশ্ব সেরা লিগ মনে করেন ইব্রাহিমোভিচ। এর স্বপক্ষে যুক্তিও দিয়েছে স্পষ্ট করেই, ‘আমার কাছে মনে হয় ইতালীয় সিরি “আ”ই বিশ্বের সবচেয়ে সেরা লিগ। এই লিগ স্ট্রাইকারদের জন্য সবচেয়ে কঠিন। কারণ ইতালীয় ফুটবলের নীতিটাই হল, আগে গোল ঠেকাও। রক্ষণের ওপর এই লিগের দলগুলো জোর দেয় বলেই স্ট্রাইকারদের কাজ অনেকটাই কঠিন হয়ে যায়।’