ইরাকে আবারও রিয়াল সমর্থকদের রক্ত
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। একটু পরই শুরু হবে স্নায়ুক্ষয়ী টাইব্রেকার। ইরাকের বাকুবার একটা ক্যাফেতে জড়ো হয়েছিল রিয়াল মাদ্রিদের একটা সমর্থকগোষ্ঠী। হঠাৎই চারজন বন্দুকধারী সেখানে ঢুকে শুরু করে নির্বিচারে গুলি। ওই হামলায় নিহত হয়েছেন ১২ জন, যাঁদের অধিকাংশই রিয়ালের সমর্থক।
দুই সপ্তাহ আগে ইরাকেরই বালাদ শহরে রিয়াল সমর্থকদের ওপর ভয়ংকর এক হামলায় নিহত হয়েছিলেন ১৪ জন। পরশু রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ যখন চ্যাম্পিয়নস লিগ জয়টা ওই হামলায় নিহত লোকজনের উদ্দেশে উৎসর্গ করেন, জানেন না বাগদাদ থেকে ৪০ কিলোমিটার দূরের বাকুবা শহর তার একটু আগেই রিয়াল সমর্থকদের রক্তে রঞ্জিত হয়েছে। আগের হামলা দায় স্বীকার করেছিল উগ্রপন্থী জঙ্গি সংগঠন আইএস। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
স্প্যানিশ দৈনিক এএসকে রিয়ালের ওই সমর্থকগোষ্ঠীর সভাপতি জানিয়েছেন, হামলাটার ধরন দুই সপ্তাহ আগেরটির মতোই। হামলায় নিহত লোকজনের মধ্যে রিয়াল সমর্থক ছাড়াও ওই ক্যাফের কর্মচারীরাও রয়েছেন। আহত আটজনের মধ্যে কতজনের অবস্থা আশঙ্কাজনক, তা এখনো জানা যায়নি। এএস।