ইরান ও ভারতের গোল উৎসব
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাইপর্বে ইরানের জয়রথ ছুটছেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ইরানি মেয়েরা ৬-১ গোলে বিধ্বস্ত করেছে জর্ডানকে। টানা তিন জয়ে আগামী বছর চীনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল হলো ইরানের। কাল হ্যাটট্রিক করেছে ঘেরাইলি ও ঘাশেমি। জর্ডানের একমাত্র গোলটি সেফাতির। এর আগে দিনের প্রথম ম্যাচে ভারত ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। রোজা দেবী ও আনুশকার গোল ৪টি করে।
ইরানের জয়ে বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার পথ আরও অসম্ভব হয়ে গেল। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে ইরান, গোল পার্থক্যেও অনেক এগিয়ে। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত, সমান পয়েন্ট পেয়েও গোলপার্থক্যে পিছিয়ে বাংলাদেশ তিনে।
আগামীকাল ইরানের সঙ্গে শেষ ম্যাচ বাংলাদেশের। ৯ গোলের ব্যবধানে ইরানকে হারাতে পারলেও চূড়ান্ত পর্বে যেতে ভারত-জর্ডানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে স্বাগতিকদের।