ইরানের কাছেও উড়ে গেল বাংলাদেশ

ইরানের মেয়েদের সঙ্গে এবারও পারল না মেয়েরাছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমার ওপর দিয়ে আজ একটা ঝড়ই বয়ে গেল! গোলপোস্টের নিচে কখনোই স্বস্তিতে দাঁড়িয়ে থাকতে পারেননি এই গোলরক্ষক। ইরানি ফুটবলারদের মুহুর্মুহু আক্রমণে জেরবার হয়ে গেছেন রুপনা। তাসখন্দের বুনিয়াদকর স্টেডিয়ামে বাংলাদেশ দলও হয়েছে বিধ্বস্ত। এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ ইরানের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচে ১০ গোল হজম করে বাছাইপর্ব থেকে বিদায় নিলেন সাবিনা খাতুনরা।

মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৭২। বাংলাদেশের অবস্থান ১৩৭তম। র‍্যাঙ্কিং তো বটেই, শারীরিক উচ্চতা, স্কিল—সবদিক দিয়েই এগিয়ে ছিলেন ইরানি মেয়েরা।

ইরানের মেয়েদেরই দাপট ছিল মাঠে
ছবি: বাফুফে

১৯ সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচেও বাংলাদেশ ৫-০ গোলেই হেরেছিল জর্ডানের কাছে। ওই ম্যাচের পর কোচ গোলাম রব্বানী বলেছিলেন, মেয়েরা ইরানের বিপক্ষে আরও ভালো ফুটবল উপহার দেবেন। কিন্তু আজও খেলায় উন্নতির ছাপ ছিল না।
ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে খেলা বেশির ভাগ ফুটবলারই খেলছেন জাতীয় দলে। মেয়েদের ফুটবল লিগে একপেশে লড়াইয়ে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। দেশের মাটিতে সেই অর্থে বসুন্ধরার ডিফেন্ডারদের কখনোই বড় কোনো পরীক্ষা দিতে হয়নি। কিন্তু এবার এশিয়ান কাপের বাছাইপর্বে খেলতে নেমে মাসুরা পারভীন, শিউলি আজিমরা বুঝেছেন আন্তর্জাতিক ফুটবলের নিষ্ঠুরতা!

শুধু তা–ই নয়, আজ ইরানকে দুবার পেনাল্টি উপহার দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। হাস্যকরভাবে দুবারই বক্সের মধ্যে থাবা দিয়ে বল থামিয়েছেন মিসরাত জাহান ও শিউলি আজিম!

রক্ষণেই ব্যস্ত ছিল বাংলাদেশ
ছবি: বাফুফে

বাংলাদেশের রক্ষণের অবস্থা একেবারে ভঙ্গুর। দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার আঁখি খাতুন চোটের কারণে দুই ম্যাচেই ছিলেন দর্শকের ভূমিকায়। আঁখির অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ।

কিছু বুঝে ওঠার আগেই দুই মিনিটে বাংলাদেশের জালে ঢুকেছে বল। বক্সের বাইরের ফ্রি–কিক থেকে উড়ে আসা বলে ইরানি ডিফেন্ডার মালিকা মতিভাল্লি মাথা ছুঁয়ে করেন গোল (১-০)।

একইভাবে রক্ষণের দুর্বলতায় কর্নার থেকে উড়ে আসা বলে ইরানের আরেক ডিফেন্ডার গুলনুশ খুশরাভি হেডে করেছেন ২-০। একটু পর অহেতুক হাত দিয়ে বল থামিয়ে মিশরাত জাহান পেনাল্টি উপহার দেন ইরানকে। ২৯ মিনিটে পেনাল্টি থেকে মিডফিল্ডার বেহেনাজ তাহেরখানি করেন তৃতীয় গোল।

বিরতির পর আরও আক্রমণাত্মক খেলেছে ইরান। ৫৫ মিনিটে বাংলাদেশের দুই ডিফেন্ডার শিউলি ও মাসুরার মাঝখান দিয়ে বল টেনে নিয়ে বক্সের ওপর থেকে জোরালো শট নেন ফরোয়ার্ড হাজার দাব্বারঘি। ওই শট ক্রসবারে লেগে ভেতরে ঢোকে।

দুই ম্যাচেই বড় পরাজয় নিয়ে বিদায় নিল বাংলাদেশ
ছবি: বাফুফে

বিরতির পর মিসরাত জাহানের বদলি হিসেবে শামসুন্নাহার সিনিয়রকে মাঠে নামান কোচ গোলাম রব্বানী। ৫৮ মিনিটে মনিকা চাকমার বদলে নেমেছেন শামসুন্নাহার জুনিয়র। কিন্তু ম্যাচে বাংলাদেশের ভাগ্য এতটুকু বদলায়নি। বরং ৫৯ মিনিটে পেনাল্টি থেকে ৫-০ করেছেন বেহেনাজ।

২০১৪ সালে বাংলাদেশ ইরানের কাছে হেরেছিল ২-০ গোলে। এবার জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে ইরান। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা কখনোই সুখের ছিল না। ২০১৪ সালে শেষবার এশিয়ান কাপের বাছাইয়ে খেলে বাংলাদেশ। ২০১৮ সালে অংশই নেয়নি। কিন্তু ৭ বছর আগে ৩ ম্যাচে খেয়েছিল ১৫ গোল!

এবার বাংলাদেশ দুই ম্যাচে খেয়েছে ১০ গোল। মেয়েদের ফুটবলে কোনো উন্নতি হয়েছে কি না, সে আলোচনা তোলার সময় হয়েছে।