ইরানের সঙ্গে লড়িয়ে হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিপির পা থেকে এসেছে বাংলাদেশের গোলটি। ছবি: বাফুফে
লিপির পা থেকে এসেছে বাংলাদেশের গোলটি। ছবি: বাফুফে

মুগ্ধতা ছড়িয়েই এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিজেদের মিশন শেষ করল বাংলাদেশের মেয়েরা। আজ ইরানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা ২-১ গোলে হেরে গেলেও সানজিদা-লিপি-বিপাশা-আয়েশারা জয় করেছে এ দেশের ফুটবলপ্রেমী মানুষের হৃদয়। 

প্রতিযোগিতা শুরুর আগেও ইরানের বিপক্ষে সমানতালে লড়াইয়ের কথা ভাবেননি কেউই। অথচ আজকের ম্যাচটা কিন্তু ৫৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরাই। কিন্তু খেলা ধরে রাখতে না পারার অভিজ্ঞতার অভাবই শেষ অবধি ম্যাচটা জিততে দেয়নি বাংলাদেশকে। তারপরও শক্তিশালী ইরানের বিপক্ষে সমানতালে লড়ে মেয়েরা প্রমাণ করেছে, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পেলে তাদের পক্ষে আরও ভালো কিছু করা সম্ভব।

লিপির গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়ে খেলায় প্রাধান্য ছিল বাংলাদেশেরই। দলের সেরা খেলোয়াড় সানজিদা বেশ কয়েকবারই ইরানি রক্ষণব্যূহে আতঙ্ক ছড়িয়েছে দারুণ কারিশমায়। তবে লিড নেওয়ার পর অতিরিক্ত উত্তেজনায় মধ্যমাঠের দখল হাতে রেখে খেলার প্রবণতায় ঘাটতিই শেষ পর্যন্ত সর্বনাশের কারণ হয় বাংলাদেশের জন্য। বাংলাদেশের মধ্যমাঠের নিষ্ক্রিয়তা ও এলোমেলো খেলার সুযোগে ইরান বেশ ভালোভাবেই গুছিয়ে নেয় নিজেদের। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে একটি কর্নার থেকে দারুণ হেডে ইরানকে সমতায় ফেরান গারিলি। এই গোলটির জন্য রক্ষণভাগের কাঁধে দায়ভার পড়তেই পারে। মার্কিং করেও তা ধরে রাখতে না পারার খেসারতেই বাংলাদেশ হজম করে এই গোলটি।
৭০ মিনিটে অস্ট্রেলীয় রেফারি মার্গারেট আবারও ‘কঠোর’ হন বাংলাদেশের বিপক্ষে। ভারতের বিপক্ষে তাঁর লালকার্ডই খেলা থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশকে। আজও তিনি বাংলাদেশের বিপক্ষে বাজিয়েছেন পেনাল্টির বাঁশি। টেলিভিশন রিপ্লেতে মার্গারেটের এই সিদ্ধান্তটিও যথেষ্ট কঠোর মনে হয়েছে সবার কাছে।
যা হোক, পেনাল্টি থেকে ইরানকে ২-১ গোলে এগিয়ে দেয় ঘাশেমি। তাঁর তীব্র শটটিতে অবশ্য ঠিক দিকেই লাফিয়েছিল আয়েশা। কিন্তু বল বেরিয়ে যায় তাঁর হাতের নাগাল গলে।
খেলার শেষ পর্যন্ত সমানতালেই লড়েছে বাংলাদেশ দল, যে লড়াই অভিনন্দন পেতেই পারে দেশবাসীর কাছে।