ইরানের সঙ্গেও লড়াকু বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের আগে কোচ গোলাম রব্বানী নিজেই চিন্তিত ছিলেন। কিন্তু ম্যাচ শেষে তাঁর চোখে-মুখে মুগ্ধতা। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ইরানের কাছে লজ্জাজনক হার তো হয়নি বাংলাদেশের মেয়েদের। ২-১ গোলে হেরেছে বটে, কিন্তু বুঝিয়ে দিয়েছে নিজেদের অদম্য মানসিকতা। গ্রুপপর্বের চারটি ম্যাচই খেলেছে মেয়েরা প্রায় একই ধারাবাহিকতায়। তাই সংবাদ সম্মেলনে এসে বারবার একটা প্রশংসাই করলেন কোচ, ‘এটা একটা লড়াকু দল।’
তা কথাটা মিথ্যা নয়। ফিফা র‌্যাঙ্কিং, শারীরিক গড়ন, গতি, স্কিল আর প্রস্তুতি—ইরানের চেয়ে সবকিছুতেই পিছিয়ে বাংলাদেশ। ঢাকায় আসার আগে টানা ৯ মাস অনুশীলন করেছে ইরান, উজবেকিস্তানে খেলে এসেছে প্রস্তুতি ম্যাচ। এখানে আগের তিনটি ম্যাচেই জয়। সেই ইরানের বিপক্ষেই কিনা কাল ৬১ মিনিট পর্যন্ত এগিয়ে রইল সানজিদারা!
কিন্তু মাঠজুড়ে অতিরিক্ত ছোটাছুটি করে একসময় ক্লান্ত হয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। পিছিয়ে থাকা ইরান সেই সুযোগটাই কাজে লাগিয়ে জিতে গেছে। বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারাই আগামী বছর খেলবে চীনে।
নিজেদের শেষ ম্যাচে কাল জর্ডানকে ৬-৩ গোলে হারিয়ে ভারতও তাকিয়ে ছিল বাংলাদেশ-ইরান ম্যাচের দিকে। বাংলাদেশ অন্তত ১-০ গোলে জিতলে ভারতই চূড়ান্ত পর্বে যেত। কিন্তু ম্যাচটি বাংলাদেশের মুঠো থেকে বের করে নিয়ে গেছে ইরানের দুই সেরা খেলোয়াড় ঘেরাইলি ও ঘাসেমি। টুর্নামেন্টের সর্বোচ্চ ৯ গোল করেছে ঘাসেমি।
১৪ মিনিটে সানজিদার ফ্রি-কিক থেকে লিপি এগিয়ে নেয় বাংলাদেশকে। কিন্তু গোল খেয়ে জ্বলে ওঠে ইরানিরা, শাণিয়েছে আক্রমণের পর আক্রমণ। ৬১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে ঘেরাইলি ১-১ করে দেয়। আর ৭০ মিনিটে পেনাল্টি থেকে ঘাসেমি করে জয়সূচক গোল। বাকি সময় বাংলাদেশের মেয়েরা খেলায় ফেরতে পারেনি।
তবে হেরেও সন্তুষ্ট গোলাম রব্বানী, ‘টুর্নামেন্ট শুরুর আগে কেউ বাংলাদেশকে গোনায় ধরেনি। কিন্তু টুর্নামেন্ট শেষে সবাই বলতে বাধ্য হয়েছে বাংলাদেশ ভালো দল। এটাই আমার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন। এই মেয়েদের নিয়ে আমি গর্বিত।’ এই মেয়েদের অনেক দূরে এগিয়ে যাওয়া দেখতে চান তিনি, ‘ফুটবলের স্বার্থেই দীর্ঘমেয়াদি কোচিং করিয়ে এদের এখন ধরে রাখতে হবে।’
ইরানি কোচ সাদি মাহিনীর প্রশংসাও পেয়েছে বাংলাদেশ, ‘ওদের সঙ্গে জিততে ঘাম ঝরেছে আমাদের। খুবই শক্তিশালী দল ওরা।’