ইশান্তকে নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশান্তক
ইশান্তক

ভারতের দুর্দশা যেন কাটছেই না। এবার চোটে পড়েছেন পেসার ইশান্ত শর্মা। মেলবোর্ন টেস্টের পর চোটে পড়া ইশান্ত বাদ পড়েছিলেন সিডনি টেস্টে, খেলতে পারেননি ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেও। ইংল্যান্ডের বিপক্ষে একাদশে থাকলেও বৃষ্টিতে ভেসে যাওয়ায় সে ম্যাচে বল করা হয়নি তাঁর। পার্থে আবার বাদ পড়েন দল থেকে, তাঁর ফিটনেস নিয়ে সন্দেহও কেবলই বেড়েছে এর পর থেকে।
টিম ম্যানেজমেন্টকে ৫ ফেব্রুয়ারির মধ্যে দল চূড়ান্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফিটনেস নিয়ে সমস্যা আছে ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজারও। ভুবনেশ্বর কুমারের ফর্মটাও আবার প্রশ্নবিদ্ধ। এ অবস্থায় বিসিসিআই নিশ্চুপ থাকলেও বসে নেই। মুম্বাই মিররকে বিসিসিআই এর এক সূত্র বলছে, ‘আমরা নীরবে বসে বসে সব দেখব না। বিলম্ব হয়ে যাওয়ার আগেই এই বিষয়ে কথা বলা দরকার। আমরা ৫ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে এ মুহূর্তে ইশান্তকে বিশ্বকাপের জন্য অনিশ্চিতই মনে হচ্ছে।’ ইশান্তের বদলি হিসেবে ত্রিদেশীয় সিরিজে খেলা মোহিত শর্মাকে অস্ট্রেলিয়া ছাড়তে মানা করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ, এর আগে ৮ তারিখে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ। এনডিটিভি।