ইসরায়েল-ফিলিস্তিন ফুটবল দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিগত দ্বন্দ্ব, রাজনৈতিক বৈরিতা তো ছিলই। ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দীর্ঘ ইতিহাসে এবার আরও একটা বিষয় যোগ হলো—ফুটবল। তিনটি বড় অভিযোগে বিশ্ব ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য ফিফার কাছে আবেদন করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। যেটি নিয়ে ২৯ মে জুরিখে ফিফার বার্ষিক কংগ্রেসে ভোটাভুটিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার অবশ্য ব্যাপারটার একটা ‘শান্তিপূর্ণ’ সমাধানের চেষ্টা করছেন। এই উদ্দেশ্যে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে একটা শান্তির ম্যাচ আয়োজনেরও প্রস্তাব দিয়েছেন।
পিএফএর অভিযোগ—ফিলিস্তিনি খেলোয়াড় ও কর্মকর্তাদের চলাফেরায় প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে ইসরায়েল। যার ফলে তাদের পক্ষে ফুটবল খেলা কঠিন হয়ে যাচ্ছে। বর্ণবাদী আচরণ দেখেও অন্ধের মতো আচরণ করছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। আবার পাঁচটি ক্লাব আছে যাদের অবস্থান ফিলিস্তিন-অধ্যুষিত এলাকায়, কিন্তু তারা খেলে ইসরায়েল ফুটবল লিগে। এর আগে ২০১৩ ও ২০১৪ সালে দুবার ফিফার বৈঠকে এসব অভিযোগ তুললেও শেষ মুহূর্তের সমঝোতায় আর সেটা ভোটাভুটি পর্যন্ত যায়নি। কিন্তু এবার আর সেই পথে হাঁটতে রাজি নন পিএফএর প্রধান জিবরিল রাজোব, ‘কংগ্রেসের বাইরে আমরা আর কোনো সমঝোতা কিংবা চুক্তিতে যাব না।’ কংগ্রেসে এ প্রস্তাব পাস হলে ইসরায়েলের কোনো ক্লাব বা অন্য কোনো দল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পারবে না।
পিএফএ সমঝোতা চাইছে না বললেও ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার কিন্তু সেই চেষ্টাই করে যাচ্ছেন। উদ্যোগ হিসেবে এরই মধ্যে জেরুজালেমে এসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকও করেছেন। বিস্তারিত বলতে রাজি না হলেও শান্তির ব্যাপারে তিনি আশাবাদী এটুকু বলেছেন। দুই দেশের মধ্যে একটা শান্তির ফুটবল ম্যাচ আয়োজনেরও প্রস্তাব দিয়েছেন, ‘আমি নেতানিয়াহুকে বলেছি একটা শান্তির ম্যাচ আয়োজন করতে। ওরা চাইলে ফিফা সানন্দে এটার আয়োজক হতে রাজি।’
গতকালই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও পিএফএর প্রধান জিবরিল রাজোবের সঙ্গেও বৈঠক করার কথা ছিল ব্ল্যাটারের। এএফপি, রয়টার্স।