ইসরায়েলি বোমায় সব হারানো শিশুর পাশে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ দাওয়াবচেচ
আহমেদ দাওয়াবচেচ

পাঁচ বছরই মাত্র বয়স তার। এই বয়সে নিজের পায়ের চেয়েও আকারে বড় ফুটবল নিয়ে গুটি গুটি দৌড়ানোর কথা, মনের আনন্দে ছুটে বেড়ানোর কথা কল্পনার রাজ্যে। অথচ আহমেদ দাওয়াবচেচের সময় কাটছে হাসপাতালের বিছানায়। ইসরায়েলের ট্যাংকের গোলায় বিবর্ণ হয়ে পড়েছে ফিলিস্তিনি শিশুটির শৈশব। আট মাস ধরে শরীরে স্প্লিন্টারের আঘাত বয়ে বেড়াচ্ছে দাওয়াবচেচ। তার চেয়েও অবুঝ শিশুটিকে বেশি পোড়াচ্ছিল সেই গোলার আঘাতে বাবা-মা ও ছোট্ট ভাইকে হারানোর ব্যথা।
জুলাইয়ে ওই বোমার আঘাতের পর হাসপাতালের বিছানায় পড়ে থাকা শিশুটির ছবি বেরিয়েছিল, সারা শরীরে ব্যান্ডেজের ছড়াছড়ি। তবে তার গায়ে ছিল রিয়াল মাদ্রিদের জার্সি। এই একটি ছবিই যেন অনেক কথা বলে দিচ্ছিল, যুদ্ধের হিংস্রতার সামনে ফুটবলের নির্মল আবেদন অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছিল। সেই শিশুটি অবশেষে হাসির উপলক্ষ পেল। এনে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো! ক্লাব সতীর্থদের সঙ্গে নিয়ে ফিলিস্তিনি শিশুটির সঙ্গে দেখা করেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
আবেগতাড়িত ফিলিস্তিনিরা ওই শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালায়। তাঁদের অনুরোধ ছিল, পুরো রিয়াল মাদ্রিদ দলের সঙ্গে যেন শিশুটির সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়। যুদ্ধ তার যতটুকু ক্ষতি করে দিয়ে গেছে, তা তো পূরণ করা সম্ভব নয়। তবে স্বপ্নের নায়কদের কাছে পেয়ে যেন অন্তত এই আশাটুকু পায় যে, এত অসুন্দরের মাঝে জীবনে সুন্দরের ছোঁয়াও থাকে। 

ফিলিস্তিনিদের অনুরোধে সাড়া দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি দাওয়াবচেচকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছে। পুরো ক্লাব ভ্রমণের সুযোগ তো দিয়েছেই, সঙ্গে সবচেয়ে বড় পাওয়া হয়ে ছিল রোনালদো-বেলদের সঙ্গে দেখা করার, তাঁদের অনুশীলন করতে দেখার সুযোগ।
স্বাভাবিকভাবে এতে খুশিতে আত্মহারা হয়ে যাওয়ারই কথা দাওয়াবচেচের। রিয়াল মাদ্রিদও আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে সেটি, ‘রিয়াল মাদ্রিদ দল শিশুটির সঙ্গে দেখা করেছে, ছবি তুলেছে, ওকে পুরো দলের অটোগ্রাফ দেওয়া জার্সি ও ফুটবল উপহার দিয়েছে। খুবই রোমাঞ্চিত ছিল শিশুটি, পুরো ক্লাবে দৌড়ে বেড়িয়েছে, তার স্বপ্নের নায়কদের অনুশীলনও করতে দেখেছে।’ ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজুব বললেন, ‘পরিবার হারানো শিশুটির মনে আশার সঞ্চার করছে রিয়াল মাদ্রিদ।’ সূত্র: ফ্রান্স ২৪।